২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়ান্ডার সাবেক নারী উন্নয়ন মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

গণহত্যা এবং তুতসী নারী ধর্ষণের প্ররোচণা দেওয়ার অভিযোগে রুয়ান্ডার পরিবার ও নারী উন্নয়ন বিষয়ক সাবেক মন্ত্রী পলিন নায়রামাসুহুকোকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

দার এস সালাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণহত্যা এবং তুতসী নারী ধর্ষণের প্ররোচণা দেওয়ার অভিযোগে রুয়ান্ডার পরিবার ও নারী উন্নয়ন বিষয়ক সাবেক মন্ত্রী পলিন নায়রামাসুহুকোকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রুয়ান্ডায় গণহত্যার জন্য গঠিত জাতিসংঘের যুদ্ধাপরাধ বিচার-পরিষদ শুক্রবার এ দণ্ড দেয়। রুয়াণ্ডা গণহত্যা মামলার জাতিসংঘ বিচারে নায়রামাসুহুকোই (৬৫) প্রথম নারী যিনি গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন। 'ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা' (আইসিটিআর) এর মুখপাত্র ডানফোর্ড মপুমিলওয়া রয়টার্সকে টেলিফোনে বলেন, নায়রামাসুহুকো ও তার ছেলে আরসেন শালোম নাহোবালি দোষী সাব্যস্ত হয়েছেন। ১৯৯৪ সালে রুয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় বুতারে এলাকায় নৃশংসতার জন্য তারা দায়ী। ওই সময় গণহত্যায় ৮ লাখ তুতসী এবং মধ্যপন্থি হুতু নিহত হয়। নিজ জেলা বুতারে তে এ হত্যাযজ্ঞের নির্দেশ দেওয়া এবং এতে সহায়তা করার অভিযোগ রয়েছে নায়রামাসুহুকোর বিরুদ্ধে। ডানফোর্ড বলেন, "তিনি হত্যা, ধর্ষণ ও দিনের পর দিন অত্যাচারসহ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।" আর তার ছেলের বিরুদ্ধে ১১ টি অভিযোগ আনা হয়েছে। ১০ বছর ধরে বিচার চলার পর তাদেরকে দোষী সাব্যস্ত করলো আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৫ ঘ.