২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েইওয়েইয়ের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে: চীন

চীনের সরকারবিরোধী শিল্পী আই ওয়েইওয়েইকে দুই মাস কারাবন্দি রাখার পর হঠাৎ করে জামিনে মুক্তি দেওয়া হলেও তার বিরুদ্ধে অপরাধ তদন্ত চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

বেইজিং, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের সরকারবিরোধী শিল্পী আই ওয়েইওয়েইকে দুই মাস কারাবন্দি রাখার পর হঠাৎ করে জামিনে মুক্তি দেওয়া হলেও তার বিরুদ্ধে অপরাধ তদন্ত চলছে। তিনি যেন সরকার বিরোধী কোন মন্তব্য না করেন সেজন্যও তাকে চাপে রাখা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে চীন। চীনের প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের আগের দিন ওয়েইওয়েইকে মুক্তি দেওয়া হয়। বার্লিন ও অন্যান্য কয়েকটি দেশের সরকার ওয়েইওয়েইসহ বেশ কয়েকজন মানবাধিকারকর্মী ও আইনজীবীকে গোপনে কারাবন্দি করে রাখার বিষয়টি নিয়ে সমালোচনামুখর। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই জানান, ওয়েইওয়েই এর জামিনের মেয়াদ ১২ মাস পর্যন্ত এবং তিনি এখনো অপরাধ তদন্তের আওতায় আছেন। অনুমতি ছাড়া তিনি বেইজিং ত্যাগ করতে পারবেন না। ওয়েইওয়েই চীনের মানবাধিকার পরিস্থিতির একজন স্পষ্টভাষী সমালোচক। ৩ এপ্রিল বেইজিং বিমানবন্দরে ওয়েইওয়েই প্রেপ্তার হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে তার মুক্তির দাবি ওঠে। দু'মাসেরও বেশি সময় আটক থাকার পর বুধবার মুক্তি পেয়ে তিনি বাড়ি ফিরেছেন। সিনহুয়া জানায়, "বন্দি থাকাকালীন অপরাধ স্বীকার করে ভালো আচরণ করা এবং দীর্ঘস্থায়ী রোগে ভোগার কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে।" সিনহুয়া আরো জানায়, "ওয়েইওয়েই কর ফাঁকির দোষ স্বীকার করে বারবার তা পরিশোধ করার ইচ্ছার কথা বলার কারণে তাকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৪ ঘ.