রাবাত, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটোভুক্ত দেশগুলোকে খুনের দায়ে অভিযুক্ত করেছেন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি। টেলিভিশনে প্রচারিত এক অডিও ভাষণে তিনি এ অভিযোগ করেন।
বুধবার রাতে লিবিয়ার রাষ্ট্রিয় টেলিভিশনে ভাষণটি প্রচার করা হয়।
ভাষণে গাদ্দাফি বলেন, "তোমরা বলো, 'আমরা আমাদের লক্ষ্যে নির্ভুলভাবে হামলা চালাই', সব খুনির দল!"
"একদিন আমরা এভাবেই তোমাদের জবাব দেব, তখন তোমাদের বেসামরিক নাগরিকদের বাড়িগুলো হবে আমাদের বৈধ লক্ষ্য!", ন্যাটোর প্রতি প্রচ- বিদ্বেষ নিয়ে বলেন তিনি।
ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ায় যুদ্ধ শুরু করার হুমকিও দেন তিনি।
হামলায় বেসামরিক নাগরিক হতাহত হয়ে থাকতে পারে ন্যাটোর এমন স্বীকারোক্তির দুদিন পর গাদ্দাফির ভাষণটি প্রচার করা হল।
ভাষণে গাদ্দাফি "গতকালের অপরাধ" বলে ১৯ জুন ত্রিপোলিতে ন্যাটোর হামলাকে ইঙ্গিত করেন। তাতে ধারণা করা হচ্ছে ভাষণটি ২০ জুন রেকর্ড করা হয়। যদিও এটি প্রচারিত হয় ২২ জুন, আর ভাষণ প্রচারের সময় টিভিতেও ২২ জুন তারিখই প্রদর্শিত হয়।
১৯ জুন ত্রিপোলিতে ন্যাটোর ওই ক্ষেপণাস্ত্র হামলায় ৯জন বেসামরিক নাগরিক নিহত হয়। লিবিয়া অভিযোগ করেছে, ২১ জুন ন্যাটোর আর একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১৯জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এএমটি/১৫১৪ ঘ.
bdnews24