২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেলেন চীনা শিল্পী ওয়েইওয়েই

গত এপ্রিল থেকে আটক সরকারবিরোধী চীনা শিল্পী আই ওয়েইওয়েই বুধবার জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 07:46 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

বেইজিং, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত এপ্রিল থেকে আটক সরকারবিরোধী চীনা শিল্পী আই ওয়েইওয়েই বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। বেইজিং পুলিশের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়। ওয়েইওয়েই চীনের মানবাধিকার পরিস্থিতির একজন স্পষ্টভাষী সমালোচক। ৩ এপ্রিল বেইজিং বিমানবন্দরে ওয়েইওয়েই প্রেপ্তার হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে তার মুক্তির দাবি ওঠে। দু'মাসেরও বেশি সময় আটক থাকার পর বুধবার মুক্তি পেয়ে তিনি বাড়ি ফিরেছেন। সিনহুয়া জানায়, "বন্দি থাকাকালীন অপরাধ স্বীকার করে ভালো আচরণ করা এবং দীর্ঘস্থায়ী রোগে ভোগার কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে।" সিনহুয়া আরো জানায়, "ওয়েইওয়েই কর ফাঁকির দোষ স্বীকার করে বারবার তা পরিশোধ করার ইচ্ছার কথা বলার কারণে তাকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।" ওয়েইওয়েই এর নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানি বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছে এবং ইচ্ছাকৃতভাবে সরকারি দলিল নস্যাৎ করেছে--এমন আলামত পাওয়া গেছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায় সিনহুয়া। মুক্তি পাওয়ার পর প্রতিক্রিয়ায় ওয়েই ওয়েই তেমনকিছু বলেননি। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর ইউরোপ সফরের কয়েকদিন আগে হঠাৎ করেই ওয়েইওয়েইকে মুক্তি দেওয়া হলো। উল্লেখ্য, বার্লিন এবং অন্যান্য দেশের সরকার চীনে ওয়েইওয়েইসহ অন্যান্য মানবাধিকার কর্মী, আইনজীবী ও ভিন্নমতাবলম্বীদের আটক রাখার সমালোচনা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫১ঘ.