ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব থাকছেন বান কি মুন। ১৯২ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ মঙ্গলবার সর্বসম্মতিক্রমে তার এ মনোনয়ন অনুমোদন করে।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১২ সালের প্রথম দিন থেকে আন্তর্জাতিক এ সংস্থার শীর্ষ পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শুরু করবেন মুন।
দক্ষিণ কোরিয়ার সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ২০০৭ সালের জানুয়ারিতে সাবেক মহাসচিব কফি আনানের কাছ দায়িত্ব বুঝে নেন। ২০০৬ সালে চার দফা ভোটাভুটির পর দ্বিতীয় এশীয় হিসেবে ওই পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।
মুনের আগে মিয়ানমারের উ থান্ট ১৯৬১ থেকে ১৯৭১ পর্যন্ত প্রথম এশীয় হিসেবে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি ওই দায়িত্ব ছাড়ার ঠিক আগের বছর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী বান কি মুন।
তাকে আরেক মেয়াদে মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ার জন্য গত সপ্তাহে একটি প্রস্তাব ওঠে জাতিসংঘের সাধারণ পরিষদে। আর কোনো প্রার্থী না থাকায় মঙ্গলবার ভোটাভুটি ছাড়াই সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন পায়।
সাধারণ পরিষদের প্রেসিডেন্ট জোসেফ দেইজ এই অনুমোদনের পর বান কি মুনের প্রশংসা করে বলেন, একটি জটিল ও কঠিন সময়ে দায়িত্ব নিয়ে মুন সংস্কার কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের ভূমিকাকে আরো শক্তিশালী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০২৫০ ঘ.
bdnews24