মস্কো, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় ক্রুসহ ৪৪ জন নিহত হয়েছে।
পেত্রজাভদস্ক শহরের বেসোভেত বিমানবন্দরের রানওয়ে থেকে ১ কিলোমিটার দূরে একটি রাস্তার কাছে সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বলে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে।
এটিতে ৪৩ জন যাত্রী ও নয় জন ক্রু ছিলো, যার প্রায় সবাই রুশ। ধারণা করা হচ্ছে, বেসরকারি সংস্থা রুশএয়ার'র তুুপলেভ-১৩৪ বিমানটি ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় পড়ে।
তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পাইলটকে এ দুর্ঘটনার জন্য দায়ী করেছে।
খারাপ আবহাওয়ায় খবি সম্ভবত পাইলটের ভুলের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী সের্গেই ইভানভ।
প্যারিসে তিনি বলেন, প্রাথমিক তথ্য থেকে পাইলটের ভুলের বিষয়টি পরিস্কার।
দুর্ঘটনার বিভিন্ন ছবিতে দেখা যায়, একটি সড়কে বিধ্বস্ত ওই বিমানের বিভিন্ন খন্ডের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আকাশেই বিমানটিতে আগুন ধরে যায় এবং এটি কয়েকটি খন্ডে বিভক্ত হয়ে পড়ে।
জরুরি মন্ত্রণালয়ের এক মুখপাত্র টেলিফোনে রয়টার্সকে বলেন, প্রাথমিকভাবে ৪৪ জনের মৃত্যুর খবর জানা গেছে, আরো আট জন আহত হয়েছেন। এদের ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাস্থল রাজধানী মস্কোর ৭০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। বিমানটি মস্কো থেকে পেত্রজাভদস্ক যাচ্ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/এলকিউ/২১৩৪ ঘ.
bdnews24