২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংলাপ শুরু হবে শিগগিরিই: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, জাতীয় সংলাপ শিগগিরিই শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

বৈরুত, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, জাতীয় সংলাপ শিগগিরিই শুরু হবে। সিরিয়ায় তিনমাসের সরকার-বিরোধী বিক্ষোভের মুখে আসাদ দামেস্কয় তার ভাষণে বলেছেন, জনগণের দাবি অনুযায়ী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে কাজ করা উচিত। কিন্তু দেশে অস্থিরতা এবং বিক্ষোভের জন্য 'অন্তর্ঘাতমূলক' তৎপরতায় লিপ্ত সরকার-বিরোধী একটি ক্ষুদ্র অংশকে দায়ী করেছেন তিনি। আসাদ বলেন, এই 'ক্ষুদ্র দল' এবং জনগণের প্রকৃত বৈধ দাবির মধ্যে পার্থক্য নির্ণয় করা জরুরি। "অস্ত্রধারীদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে না", বলেন তিনি। জাতীয় সংলাপ দেশের ভবিষ্যৎ নির্মাণ করবে জানিয়ে আসাদ তুরস্কে পালিয়ে যাওয়া সিরিয়ার নাগরিকদের দেশে ফিরে আসার আহ্বান জানান। দামেস্ক বিশ্ববিদ্যালয়ে সমর্থকদের উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে আসাদ বিক্ষোভে লোকজনের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন। এ মৃত্যু দেশের জন্য এবং ব্যক্তিগতভাবে তার নিজের জন্যও অনেক বড় ক্ষতি বলে বর্ণনা করেন তিনি। কিন্তু তিনি আবারো বলেন, বিক্ষোভের সময় যারা বিশ্বেজুড়ে সিরিয়ার সুনাম ক্ষুন্ন করেছে তাদেরকে আলাদা করে চিহ্নিত করতে হবে। তিনি বলেন, "স্থিতিশীলতা ছাড়া কোনো অগ্রগতি হবে না আর নৈরাজ্য দিয়ে কোনো রাজনৈতিক সংস্কার আসবে না।" তবে সংস্কার পরিকল্পনা নেওয়ার জন্য জাতীয় সংলাপ অনুষ্ঠানের লক্ষ্যে একটি কমিটি গড়ে তোলা হচ্ছে বলে জানান আসাদ। একইসঙ্গে সংবিধান বিচার-বিশ্লেষণ করে দেখার জন্য আরেকটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। আসাদ বলেন, জাতীয় সংলাপ আয়োজক কমিটি আগামী কয়েকদিনের মধ্যেই বৈঠকে বসবে। তাছাড়া, সংবিধানিক সংস্কার কিভাবে করা হবে এবং কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনার জন্য কমিটি ১শ'রও বেশি ব্যক্তিবর্গকে বৈঠকে আমন্ত্রণ জানাবে। এ ব্যাপারে সুপারিশমালা জমা দেওয়ার জন্য আসাদ ১ মাস সময়ও বেঁধে দিয়েছেন। সহিংসতার ভয়ে তুরস্কে পালিয়ে যাওয়া সিরিয় নগিরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে আসাদ বলেন, রাষ্ট্র তাদের সুরক্ষা ব্যবস্থা করবে। সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সব নাগরিকেরই শামিল হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সিরিয়ায় বিক্ষোভ শুরু হওয়ার পর জাতির উদ্দেশ্যে আসাদের এটি তৃতীয় ভাষণ। এর আগে ১৬ এপ্রিল তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সিরিয়ার ১০ হাজারেরও বেশি শরণার্থী তুরস্কে প্রবেশ করেছে। তুরস্কের কর্মকর্তারা জানান, আরো ১০ হাজার শরণার্থী সিরিয়ার সীমান্তের কাছে অবস্থান করছে। তবে সিরিয়ার মানবাধিকার কর্মী আমার আল-কুরাবি জানান, সিরিয়া ত্যাগে রওনা হওয়া লোকজনকে বাধা দিচ্ছে সেনাবাহিনী। রয়টার্সকে তিনি বলেন, "সিরিয়ার চলমান সংঘর্ষে ভীত হয়ে কেউ যাতে তুরস্কে পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে সেনারা সীমান্ত এলাকায় ছড়িয়ে রয়েছে।" শরণার্থীদের সহায়তাকারী জনগণের ওপর সরকার পক্ষের লোকজন হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সামরিক বাহিনীর দমন অভিযানের মধ্যেও গণআন্দোলন চলছে সিরিয়ায়। শুক্রবার আসাদের বিরুদ্ধে আবারো বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯জন নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। গত মার্চ থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৩ শ' বেসামরিক ব্যক্তি নিহত ও ১০ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দেশটির মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। মানবাধিকার পর্যবেক্ষকরা ১৩শ'র বেশি সাধারণ নাগরিক ও ৩শ'রও বেশি সেনা ও পুলিশ সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫০ঘ.