পারাচিনার, পাকিস্তান, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানের কুররাম অঞ্চলে কমপক্ষে ১১ জঙ্গি নিহত হয়েছে।
নিহতদের ৯ জনই বড় ধরনের আফগান জঙ্গি গ্রুপের সদস্য বলে জানিয়েছে স্থানীয় সরকারি কর্মকর্তারা।
কুররাম অঞ্চলটি উত্তর ওয়াজিরিস্তানের একটি আদিবাসী এলাকা।
ওই অঞ্চলে কর্মরত পাকিস্তান গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা রয়টার্সকে জানান, "চালক বিহীন বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। খারদান্দ এলাকায় জঙ্গিদের দুটি আস্তানা ও একটি গাড়ী লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রগুলো।"
এলাকাটি স্থানীয় জঙ্গি নেতা ফজল সাইদের ঘাঁটি বলে জানিয়েছেন তারা।
আরেকজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, "এতে ১১ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে ৯ জনই আফগান এবং তারা হাক্কানি জঙ্গি গ্রুপের সঙ্গে জড়িত ছিলো বলে ধারণা করা হচ্ছে।"
নিহত বাদবাকী জঙ্গিরা পাকিস্তানি বলে খবরে জানানো হয়েছে।
গত মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্ত অঞ্চলে ড্রোন হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
চলতি মাসে এ ধরনের হামলায় ৭৭ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৩৩ঘ.
bdnews24