তিউনিস, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনে বেন আলীর অনুপস্থিতিতেই সোমবার তার বিচার শুরু করেছে তিউনিসিয়া।
বিচার শুরুর পরপরই এক বিবৃতিতে বেন আলী বলেন, তিনি নিরাপত্তার জন্যই তার পরিবারকে সৌদি আরবে নিয়ে গেছেন।
আলী বলেন, তিনি অবিলম্বে দেশে ফিরতে চান। কিন্তু বিমান তার নির্দেশ অমান্য করে তাকে ছেড়ে চলে গেছে।
গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে বেন আলী ১৪ জানুয়ারী দেশ থেকে পালিয়ে সৌদি আরব চলে যান। বিবিসি জানিয়েছে, রোববার সেখান থেকেই তিনি সব অভিযোগ অস্বীকার করেন।
তিউনিসিয়া সরকার দুর্নীতি ও মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে এনেছে বেন আলীর বিরুদ্ধে। বিচারে দোষী সাব্যস্ত হলে তার ২০ বছরেরও বেশি কারাদ- হতে পারে।
বেন আলীর আইনজীবীরা বলেছেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা থেকে দৃষ্টি সরাতেই বিচারের নামে এ প্রহসন করা হচ্ছে।
তিউনিসিয়া সরকার বেন আলী ও তার স্ত্রী লায়লা ত্রাবিলিসিকে ফেরত পাঠানোর জন্য সৌদি আরবের কাছে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে সৌদি সরকার এখনও কিছু জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এবি/জেকে/এলকিউ/২০০৬ঘ.
bdnews24