ত্রিপোলি, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটো বিমান হামলায় বেসামরিক লোকজন নিহত হচ্ছে বলে অভিযোগ করেছে লিবিয়া সরকার।
লিবিয়ার সরকারি কর্মকর্তারা জানায়, রোববার ভোরে ত্রিপোলির পূর্বাঞ্চলে ন্যাটোর বিমান হামলায় সাত বেসামরিক লিবীয় নিহত হয়েছে।
লিবিয়ার সরকারি কর্মকর্তারা রাজধানী ত্রিপোলির আরাদা আবাসিক এলাকায় সাংবাদিকদের নিয়ে গিয়ে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের ভেতর চাপা পড়া একটি মৃতদেহ দেখায়।
লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, "এখানে সজ্ঞানে ও উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পশ্চিমাদের নৃশংসতার এ আরেক দৃষ্টান্ত।"
তবে সাংবাদিকরা জানিয়েছেন, কোন এলাকায় হামলা হওয়ার পর এর আগে লিবীয় কর্মকর্তারা যখন তাদের হামলাস্থলে নিয়ে গেছেন সেখানে ধ্বংসস্তুপ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। অথচ রোববার ভোরে হামলা হয়েছে বলা হলেও সকালে গিয়ে সেখানে কোন ধোঁয়া দেখা যায়নি।
লিবিয়ায় অভিযান নিয়ে ন্যাটো এমনিতেই বিতর্কের মুখে পড়েছে। এর মধ্যে লিবিয়া সরকারের কাছ থেকে ন্যাটো বেসামরিক নাগরিক নিহতের অভিযোগের মুখে পড়লো।
এ অভিযোগ সত্য হলে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে লিবীয় বিদ্রোহীদের সহায়তাকারী ন্যাটো তার অভিযান নিয়ে সত্যিই বিপাকে পড়বে।
স্থানীয় একটি হাসপাতালে সাংবাদিকরা এক শিশুর লাশসহ তিনটি লাশ দেখেছেন। এরা রোববার ভোরের বিমান হামলায় নিহত হয়েছে বলে লিবিয়ার কর্মকর্তারা জানান।
সেখানে একজন আহত শিশুকেও দেখেছেন সাংবাদিকরা।
হাসপাতালে সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম সাংবাদিকদের বলেন, "মূলত, ন্যাটো হামলার আরেকটি বিভিষীকাময় রাত এটি।"
তিনি জানান, ন্যাটো হামলায় বিধ্বস্ত ভবনটিতে পাঁচটি পরিবার বাস করতো।
এ হামলার একদিন আগেই বেসামরিক নাগরিকদের লক্ষ্যস্থল করার জন্য ন্যাটোর বিরুদ্ধে অভিযোগ করেছিল লিবিয়া সরকার।
ওদিকে, গাদ্দাফি সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীরা অর্থ সংকটে পড়েছে বলে বিদ্রোহীদের তেল বিষয়ক প্রধান শনিবার জানিয়েছেন। তিনি জরুরী ভিত্তিতে অর্থসাহায্য দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের জন্য পশ্চিমাদের অভিযুক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৬১২ ঘ.
bdnews24