কায়রো, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সরকারি স্থাপনা থেকে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার স্ত্রী সুজানের নাম সরিয়ে নেওয়ার আদেশ শনিবার স্থগিত করেছে এক আদালত।
মুবারক ক্ষমতায় থাকা অবস্থায় সরকারি কর্মকর্তারা প্রেসিডেন্টের অনুগ্রহ লাভের উদ্দেশ্যে নিয়মিতভাবে বিভিন্ন সড়ক, স্কুল, মিলিটারি স্থাপনা ও দুর্গম এলাকার ক্লিনিকগুলো তার নামে নামকরণ করে।
গত এপ্রিলে মিশরীয় কোর্ট মুবারক ও তার স্ত্রীর নামে করা সব সরকারি স্থাপনা থেকে মুবারক ও সুজানের নাম সরিয়ে নেওয়ার আদেশ দেয়।
আদালতের এই আদেশের বিরুদ্ধে মুবারকপন্থী আইনজীবীরা একটি রিট করে। রিটের জবাবে আদালত ওই আদেশটি সাময়িক স্থগিত করে তা পুনর্বিবেচনার জন্য পাঠায়।
দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে হোসনি মুবারককে আগামী ৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে হোসনি মুবারকের মৃত্যুদণ্ড হতে পারে।
এপ্রিল মাসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে মিসরীয় অবকাশ কেন্দ্র শারম আল-শেখের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়।
গত মে মাসে অবৈধ সম্পদ ফিরিয়ে দেয়ার শর্তে সুজান মুবারককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
তাদের দুই ছেলে আ'লা ও গামালও কারাগারে রয়েছে। বাবা মুবারকের সঙ্গে তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে।
টানা ১৮ দিনের বিক্ষোভের মুখে গত ১১ ফেব্র"য়ারি ক্ষমতা ছাড়তে বাধ্য হন মুবারক। প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাতকে গুপ্তঘাতকরা হত্যা করার পর ১৯৮১ সালের ১৪ অক্টোবর ক্ষমতা গ্রহণ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/পিডি/১২৩৬ ঘ.
bdnews24