২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল পুলিশ স্টেশনে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৯

কাবুল পুলিশ স্টেশনে শনিবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

কাবুল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাবুল পুলিশ স্টেশনে শনিবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে। আফগান তালেবান হামলার দায়িত্ব স্বীকার করেছে। হামলাকারীরা সামরিক পোশাক পরিহিত ছিল বলে জানান আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এক মাসের মধ্যে এটি আফগান রাজধানীতে দ্বিতীয় বড় হামলা। গত মাসে আত্মঘাতী বোমা হামলাসহ বিদেশি ও আফগান সেনা এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তালেবান । চলতি বছরের শুরু থেকে কয়েকজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে তারা। হামলায় তিন পুলিশ সদস্য, একজন গোয়েন্দা সদস্য ও পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়। নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে দুজন পুলিশ স্টেশনটিতে আফগান অর্থমন্ত্রণালয়ের হয়ে কাজ করতেন। হামলায় আরো দুই পুলিশসহ ১০ জন আহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি বলেন, "গেটে দাঁড়িয়ে এক হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে, অন্যদের ঢোকার সুযোগ করে দিতেই সে এটা করে। দ্বিতীয় আর একজনকে গুলি করে হত্যা করে পুলিশ।" শেষ হামলাকারী পুলিশ স্টেশনের এক ভবনে আশ্রয় নিয়ে প্রায় এক ঘন্টা যুদ্ধ চালিয়ে যায়। পরে সেও গুলিতে নিহত হয়। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের তিন যোদ্ধা হামলাটি পরিচালনা করে। তবে এর বেশিকিছু জানাননি তিনি। আক্রান্ত পুলিশ স্টেশনটি রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে অবস্থিত। আফগানিস্তানে প্রায় দেড় লাখ বিদেশি সেনার উপস্থিতি সত্ত্বেও ২০০১ সালের পর এখন সহিংসতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিহত বেসামরিক নাগরিকের সংখ্যায় মে মাস ছিল শীর্ষে, জানিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/পিডি/১২২৫ ঘ.