ইসলামাবাদ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি সেনা চৌকিতে ন্যাটোর বিমান হামলার ঘটনায় মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।
শুক্রবার মোহমান্দ আদিবাসী এলাকায় ন্যাটো এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে একটি বিবৃতিও পাঠিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তের আড়াই কিলোমিটার ভিতরে ঢুকে একটি সেনা চৌকিতে বোমাবর্ষণ করে ন্যাটোর যুদ্ধ বিমান ।
এ ঘটনা কেন এবং কীভাবে ঘটল তার যৌথ তদন্তের অনুরোধও জানানো হয়েছে বিবৃতিতে ।
তবে পাঠানো বিবৃতিতে হামলাস্থলের কথা উল্লেখ করা হলেও কখন এ হামলা চালানো হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
মোহমান্দ এলাকার কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে বেশ কয়েকটি বোমা হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তারা।
আফগানিস্তানে জঙ্গিবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী রাষ্ট্র পাকিস্তান। তবে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর দু'দেশের সম্পর্কে অবনতি হয়েছে।
গত ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদের গোপন আস্তানায় আকস্মিক হামলা চালিয়ে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডোরা। তবে অ্যাবোটাবাদে অভিযানের আগে পাকিস্তানকে এ সম্পর্কে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় ঘরে-বাইরে পাকিস্তান সরকার চাপের মুখে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১২৪৬ ঘ.
bdnews24