২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আবারও বিক্ষোভ-সহিংসতায় নিহত ১৮

সিরিয়ায় সামরিক বাহিনীর দমন অভিযানও থামাতে পারছে না গণআন্দোলন। শুক্রবারও প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে গুলি এবং বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 05:10 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

সিরিয়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় সামরিক বাহিনীর দমন অভিযানও থামাতে পারছে না গণআন্দোলন। শুক্রবারও প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে গুলি এবং বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। জানা গেছে, দেশটির হমস শহরে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমগুলো সহিংসতার প্রকৃতমাত্রা তাদের পরিবেশিত খবরে তুলে ধরছে না। উল্টো জানিয়েছে, বেশ কয়েকজন পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ নিহত হয়েছে বলে জানানো হয়। এরআগে সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় দুটি শহরে অভিযান চালিয়ে কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমন করে বলে বিবিসি জানায়। শুক্রবার পূর্বাঞ্চলীয় দির আল-জোর শহরে বিক্ষোভকারীদের ওপর সেনা সদস্যদের গুলিতে দুই জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আসাদ ও তার বাবার পোস্টার ছিঁড়ে ফেলার চেষ্টা চালানোর সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরায়, কুর্দি পূর্বাঞ্চলে, দামেস্কর উত্তরে হমস, হামা শহরে এবং রাজধানীর শহরতলীতে বিক্ষোভ করেছে লাখো মানুষ। ট্যাংক, সেনার ভয় উপেক্ষা করে মানুষ বিক্ষোভ করছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় দু'টি শহরে ট্যাংক, সাঁজোয়া যান এবং বাসে করে প্রবেশ করেছে সেনারা। তারা জড়ো হয়েছে মারুত আল-নুমান এবং খান শেখুন শহরে। এ পরিস্থিতিতে সিরিয়াকে রক্তক্ষয় বন্ধ করে 'মানুষ হত্যা' অবসানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি আসাদকে মানুষ হত্যা বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এবং আরো দেরি হয়ে যাওয়ার আগেই ইতিবাচক পদক্ষেপ নিতে বলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি শুক্রবার বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অন্যান্যদের সমর্থন আদায়ের চেষ্টায় নামতে জার্মানির সঙ্গে একমত হয়েছে ফ্রান্স। জাতিসংঘ জানিয়েছে, গত তিনমাসে সরকার-বিরোধী বিক্ষোভে সিরিয়ায় সরকারের সহিংস দমনপীড়নে অন্তত ১১শ' মানুষের মৃত্যু হয়েছে। দেশটির মানবাধিকার সংস্থাগুলো বলছে, নিহতের সংখ্যা আরো বেশি। এছাড়া সিরিয়ায় দমনপীড়নের কারণে প্রাণভয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র তুরস্কে পালিয়ে শরণার্থী হয়েছে প্রায় ৯ হাজার মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/১১০০ ঘ.