২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন পরিচয়ের কারণে বৈষম্য নয়: জাতিসংঘ

সব ধরনের লিঙ্গ ও যৌন পরিচয়ের মানুষের সমান অধিকারের পক্ষে ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 05:04 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সব ধরনের লিঙ্গ ও যৌন পরিচয়ের মানুষের সমান অধিকারের পক্ষে ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এতে বলা হয়েছে, লিঙ্গ বা যৌন পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য বা নির্যাতন গ্রহণযোগ্য নয়। পশ্চিমা দেশগুলো মানবাধিকার কাউন্সিলের এই ঘোষণাকে ঐতিহাসিক বললেও বাংলাদেশ, পাকিস্তান, বাহরাইন, কাতার, সৌদি আরবসহ মুসলিম দেশগুলো এর বিরোধিতা করেছে। 'বিতর্কিত' এই ঘোষণার মধ্যে দিয়ে এই প্রথমবারের মতো মানবাধিকার কাউন্সিল সমকামী (গে, লেসবিয়ান), উভকামী (বাইসেক্সুয়াল) কিংবা রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার) মানুষের সমঅধিকারের পক্ষে স্পষ্ট অবস্থান নিলো। দক্ষিণ আফ্রিকার প্রতিনিধির তোলা এই প্রস্তাবের বিষয়ে ভোটাভুটিতে শুক্রবার ফোরামের ৪৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২৩টি পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট পড়ে ১৯টি। তিনটি দেশের প্রতিনিধি ভোটদানে বিরত থাকেন এবং একজন অনুপস্থিত ছিলেন। এছাড়া কাউন্সিলের আরেক সদস্য লিবিয়ার সদস্যপদ গত মার্চ থেকে স্থগিত রাখা হয়েছে। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষে কাউন্সিলর নাহিদা সোবহান প্রস্তাবটির বিরোধিতা করে বলেন, বাংলাদেশ উন্নয়নের অধিকারসহ সব মানবাধিকারকে সমর্থন করে এবং নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতাকে ঘৃণা করে। তিনি বলেন, "যেখানে জাতি, ধর্ম, বর্ণ ও অন্যান্য বিষয়ে বৈষম্য অবহেলিত সেখানে ব্যক্তিগত যৌন আচরণ নিয়ে এই আগ্রহ বাংলাদেশকে বিব্রত করছে। মানবাধিকার সনদগুলোতে এই প্রস্তাবের কোনো আইনি ভিত্তি নেই।" ঘোষণাটি পাস হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, সারা বিশ্বেই বহু মানুষ তাদের লিঙ্গ ও যৌন পরিচয়ের কারণে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। আজকের এই ঘোষণার মধ্যে দিয়ে জাতিসংঘ এটাই বললো যে, মানবাধিকার একটি সার্বজনীন বিষয়। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। যুক্তরাষ্ট্রের মতো ব্রিটেন ও ফ্রান্স এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও রাশিয়া এর বিপক্ষে ভোট দেয় এবং চীন ভোটদানে বিরত থাকে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত জেরি ম্যাথিউ মাতজিলা বলেন, সমকামী, উভকামী কিংবা রূপান্তরকামীদের প্রতি বৈষম্য ও সহিংসতা নিয়ে আলোচনার সূত্রপাত করাটাই ছিল এ প্রস্তাবের উদ্দেশ্য। অন্যদিকে মৌরিতানিয়ার প্রতিনিধি শেখ আম্মেদ অলুদ জাহাফ বলেন, বিষয়টি আদৌ মানবাধিকার সংশ্লিষ্ট নয়। এটি কোনো আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির আওতাতেও পড়ে না। জাতিসংঘের এই ঘোষণা 'স্বাভাবিক অধিকারকে অস্বাভাবিক অধিকার দিয়ে প্রতিস্থাপনের' একটি চেষ্টা বলেও উল্লেখ করেন তিনি। তবে মেক্সিকার প্রতিনিধি জুয়ান হোসে গোমেজ কামাচো মনে করেন, বৈষম্য বন্ধের জন্য এ ঘোষণা জরুরি ছিল। "আন্তর্জাতিক মানবাধিকার সনদগুলো জাতি, ধর্ম, বর্ণ ও অন্যান্য বিষয়ে বৈষম্যের বিরুদ্ধে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। যৌন পছন্দ ও লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে সমঅধিকারও একই রকম বিষয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএইচ/আরএ/জেকে/১৯২০ ঘ.