সান্টিয়াগো, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির রাজধানী সান্তিয়াগোতে শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংসতায় মোড় নিয়েছে।
বৃহস্পতিবার হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে নামার পর পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
চিলিতে সরকারি কর্মসূচির বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে এটিই সর্বসাম্প্রতিক।
বিক্ষোভকারীরা পোস্টার ও ব্যানার হাতে মিছিল করে সরকারের কাছে শিক্ষার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের ফি কমানো এবং আরো কম মূল্যে বাস পাস দেওয়ার দাবি জানায়।
২০০১ সালে প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা চিলির ক্ষমতা লাভের পর এটি বড় ধরনের বিক্ষোভ।
বিক্ষোভ ঠেকাতে কেবল রাজধানীতেই মোতায়েন করা হয়েছে প্রায় ৭০ হাজার পুলিশ।
বিক্ষোভ চলাকালে কিছু ছাত্র পোশাকের হুড ও টি-শার্ট দিয়ে মুখ ঢেকে সশস্ত্র পুলিশ ভ্যান লক্ষ করে ইট-পাটকেল ছুড়ে মারে।
জবাবে পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছুড়ে এবং জল কামান ব্যবহার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২০ ঘ.
bdnews24