এথেন্স, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ সরকারের ব্যয়সঙ্কোচন পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টায় অর্থমন্ত্রী বদল করেছেন। নতুন অর্থমন্ত্রী নিয়োগ করা হয়েছে এভাঙ্গেলোস ভেনিজেলোসকে।
ঋণ সঙ্কট সামলানোর দায়িত্ব দিয়ে অর্থমন্ত্রী পদে বসানো হয়েছে বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী এভাঙ্গেলোসকে। আর আগের অর্থমন্ত্রী জর্জ পাপাকনস্ট্যান্টিনুকে করা হয়েছে পরিবেশমন্ত্রী।
বদল করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীও। উপ-প্রতিরক্ষামন্ত্রী এবং উপ-শ্রমমন্ত্রীকে মন্ত্রীপদ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে নতুন আরো কিছু দায়িত্ব। আর মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশমন্ত্রীকে।
ব্যয়সঙ্কোচন প্যাকেজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ বৃহস্পতিবার সরকারে এ রদবদলের পাশাপাশি আস্থা ভোটের পথে যাওয়ার সিদ্ধান্ত নেন।
অর্থনৈতিক ঘাটতি মেটাতে বিপুল অঙ্কের ব্যয়সঙ্কোচন পরিকল্পনা নিয়ে গ্রিস সরকার ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে ওই সিদ্ধান্ত ঘোষণা করেন পাপান্দ্রেউ।
ইইউ ও আইএমএফের অর্থ প্রণোদন প্যাকেজ পেতে নতুন করে পাঁচসালা পরিকল্পনায় কর বৃদ্ধি, ব্যয়সঙ্কোচন ও রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রির পদক্ষেপ নিতে হবে পাপান্দ্রেউকে। কিন্তু এর বিরুদ্ধে ইতোমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ।
ব্যয়সঙ্কোচন পরিকল্পনায় সমর্থন পেতেই সরকারে রদবদলের পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিসভা নিয়ে মঙ্গলবার পার্লমেন্টে আস্থা ভোট হবে বলে মনে করা হচ্ছে।
আস্থা ভোটে পাপান্দ্রেউ টিকে গেলে নির্বাচন দিতে হবে না এবং সরকারের পরিকল্পনা পাসের সুযোগও বাড়বে বলে জানিয়েছেন চিন্তাবিদ থিওডোর কৌলাম্বিস।
বুধবার গ্রিস সরকারের নতুন ব্যয়সঙ্কোচন নীতির প্রতিবাদে রাজধানী এথেন্সে ধর্মঘট চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
এথেন্সে পার্লামেন্টর বাইরে জড়ো হওয়া কয়েকশ' বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ও পেট্রোল বোমা ছুড়লে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুড়ে পুলিশ।
ইইউ এবং আইএমএফ এর বেইল আউট-প্যাকেজের জন্য প্রয়োজনীয় নতুন ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নিয়ে পার্লামেন্টে এমপিদের বিতর্কের প্রস্তুতির মুহূর্তে পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা।
সিন্টাগমা স্কয়ারে জড়ো হয়ে তারা 'চোর ও ধোঁকাবাজ' শ্লোগান দিয়ে বিক্ষোভ করে। 'অর্থ কোথায় গেল' তাও তারা জানতে চাইছে। আইনপ্রণেতাদের পার্লামেন্টে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা নেয় তারা।
সরকার ২৮ বিলিয়ন ইউরো বাঁচাতে এ বছর কর বাড়ানো এবং সুযোগ-সুবিধা ভাতার পরিমাণ কমানোসহ বেশ কিছু ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে।
২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। এর প্রতিবাদেই বিক্ষোভে রাস্তায় নেমেছে জনতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২২ ঘ.
bdnews24