২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহরের উপকণ্ঠে ট্যাংক, পালাচ্ছে সিরিয়াবাসী

সরকারী বাহিনীর ট্যাংক বহর কাছে চলে আসায় উত্তর সিরিয়ার ঐতিহাসিক মারাত আল নুমান শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার আতঙ্কিত অধিবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

আম্মান, ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারী বাহিনীর ট্যাংক বহর কাছে চলে আসায় উত্তর সিরিয়ার ঐতিহাসিক মারাত আল নুমান শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার আতঙ্কিত অধিবাসী। মারাত আল নুমানের অধিবাসীরা জানিয়েছেন, সাঁজোয়াযান ও ট্যাংক নিয়ে একটি সেনাবহর শহরটির ১৫ কিলোমিটার পূবের মান্তাস গ্রামে চলে এসেছে। পশ্চিম দিক থেকে আসা আর একটি বাহিনী ২০ কিলোমিটার দূরের খবিন গ্রামে চলে এসেছে বলে জানান তারা। এছাড়া শহর থেকে দুই কিলোমিটার দূরে একটি সেনা ক্যাম্পে হেলিকপ্টারের সাহায্যে সেনা আসছে বলেও জানিয়েছেন তারা। মারাত আল নুমানের পাশ্ববর্তী মারশামাশা গ্রামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে টেলিফোনে জানান, "সেনারা মারাত আল নুমানের শহরতলী এলাকায় বিক্ষিপ্তভাবে গোলা নিক্ষেপ করছে। এতে শহরবাসীরা আরো আতঙ্কিত হয়ে শহর ছেড়ে পালাচ্ছে।" তিনি দাবী করেন গোলাবর্ষণে মোহাম্মদ আল আবদুল্লাহ নামে স্থানীয় একজন নিহত হয়েছেন। গোলাবর্ষণের ব্যাপকতার কারনে তাকে শহরের গোরস্তানে দাফন করা যায়নি বলে জানান তিনি। বাড়ির পাশের আঙিনায় তাকে সমাহিত করা হয়। আরেক জন প্রত্যক্ষদর্শী জানান, "শহরের মানুষ সব মালপত্র গাড়িতে বোঝাই করে শহর ছেড়ে পালাচ্ছে। রাস্তা জুড়ে শুধু শহর ছেড়ে আসা গাড়ির স্রোত।" সিরিয়ার উত্তরাঞ্চলের সরকার বিরোধী বিদ্রোহীদের গুড়িয়ে দিতে ট্যাংক নিয়ে অগ্রসর হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী। বিদ্রোহ দমনে সম্প্রতি তারা ব্যাপক অভিযান শুরু করেছে। তুরস্ক সরকার জানিয়েছে, অব্যহত সামরিক অভিযানের মুখে সিরিয়া থেকে প্রায় দশ হাজার মানুষ তুরস্কে পালিয়ে এসেছে। শরনার্থীদের জন্য ত্রাণ শিবির খুলে মানবেতর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে দেশটি। সাধারন মানুষের ওপর সামরিক হামলা বন্ধের জন্য প্রতিবেশী সিরিয়াকে আহ্বান জানিয়েছে তুরস্ক। তুরস্কের প্রধানমন্ত্রী তায়িপ এরদুগান রাষ্ট্রিয় দমনপীড়ন ও শরণার্থী সমস্যা নিয়ে সিরীয় প্রেসিডেন্ট আসাদের পাঠানো দূতের সাথে বুধবার কথা বলেছেন। গত তিন মাস ধরে চলমান সিরিয়ার সরকারবিরোধী আন্দোলন মোকাবেলায় বাশার আল আসাদের সরকার বিক্ষুব্ধ জনসাধারণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করছে। আর সেনাবাহিনীও ট্যাংকসহ, সাঁজোয়াযান এবং বিভিন্ন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সেনারা হেলিকপ্টার গানশিপও ব্যবহার করেছে। দেশটির প্রেসিডেন্ট বাশারের ১১ বছরের শাসনামলে চলমান বিক্ষোভই তার বিরুদ্ধে সবচেয়ে বড় গণআন্দোলন। বিক্ষোভ-সংঘর্ষে দেশটিতে এ পর্যন্ত প্রায় ১৩শ' সাধারন মানুষ নিহত হয়েছে এবং সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে প্রায় তিনশ' জন বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থাগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫২৭ঘ.