ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া প্রত্যাগত বাংলাদেশি কর্মীদের পুনর্বাসন সহায়তা দিতে বিশ্বব্যাংকের সহজ শর্তের ঋণের অর্থ বিতরণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মধ্যে চুক্তি সই হচ্ছে মঙ্গলবার।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে দুপুরে এ চুক্তি স্বাক্ষর হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে সচিব জাফর আহমদ খান ও আইওএম'র আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতেমা চুক্তিতে সই করবেন।
সরকারের তথ্যভাণ্ডারে নিবন্ধিত লিবিয়া প্রত্যাগত কর্মীদের মাঝে আগামী ১ জুলাই থেকে সহায়তার অর্থ বিতরণ শুরু হবে।
চুক্তি স্বাক্ষরের পর থেকে এ সংক্রান্ত প্রচারণার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইওএম'র মিডিয়া ব্যবস্থাপক আসিফ মুনির।
তিনি জানান, ইতোমধ্যে লিবিয়া থেকে ফিরে আসা প্রায় ৩৬ হাজার বাংলাদেশি কর্মী নাম নিবন্ধন করেছেন। তাদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরি করা হয়েছে। এর ভিত্তিতে আগামী ১৫ দিন ধরে প্রচারণার কাজ চালানো হবে। বেতার ও টেলিভিশনে বিজ্ঞপ্তি ছাড়াও তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে সহায়তার অর্থ নেওয়ার বিষয়ে জানানো হবে।
ক্ষতিপূরণের অর্থ পেতে প্রত্যাগত এ বাংলাদেশি কর্মীদের বৈধ ভ্রমণ নথিপত্র ছাড়াও ব্যাংক হিসাবের প্রয়োজন হবে। সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হবে। যা শুধুমাত্র ব্যাংক হিসাবের মাধ্যমে তোলা যাবে।
লিবিয়া ফেরত ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মীদের পুনর্বাসনে সহায়তা হিসেবে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহজ শর্তে ৪০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা) ঋণ দিচ্ছে। এ থেকে এসব কর্মীদের প্রাথমিকভাবে কমপক্ষে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর গত ২৫ মে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১৭ ঘ.
bdnews24