ঢাকা, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইনে সরকারবিরোধী কবিতা পাঠের জন্য ২০বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে এক বছরের কারাদন্ড দিয়েছে দেশটির বিশেষ নিরাপত্তা ট্রাইব্যুনাল।
বাহরাইনের শাসক শ্রেণীর বিরুদ্ধে গণবিক্ষোভের সময় আয়াত আল কুরমেজি নামের ওই শিক্ষার্থী শাসকদের সমালোচনা করে রচিত কবিতা পাঠ করেছিলেন।
আটকের পর কুরমেজিকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে প্রচন্ড মারধর করার অভিযোগ রয়েছে বলে যুক্তরাজ্যের সংবাদপত্র গার্ডিয়ান জানায়।
কুরমেজিকে কারাদন্ড দেওয়ার ফলে শাসকবিরোধী শিয়া বিক্ষোভকারীদের প্রতি দেশটির সুন্নি শাসক শ্রেণীর কঠোর মনোভাবের কোন পরিবর্তন হবে না বলে আভাস পাওয়া যাচ্ছে।
বাহরাইনের বাদশা ও প্রধানমন্ত্রীকে সমালোচনা করে রচিত ওই কবিতা পাঠের পর আল কুরমেজি বিক্ষোভকারীদের মধ্যে একজন সেলিব্রেটিতে পরিণত হন। বিক্ষোভের কেন্দ্র রাজধানী মানামার পার্ল স্কয়ারে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীর উপস্থিতিতে তিনি কবিতাটি পাঠ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৮ ঘ.
bdnews24