জাকার্তা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান পদে ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন লগার্ডকে রোববার সমর্থন জানিয়েছে ইন্দোনেশিয়া।
উদীয়মান বাজার অর্থনীতির দেশ হিসাবে ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ ওই পদে এই প্রথম ইউরোপীয় প্রার্থী লগার্ডকে প্রকাশ্যে সমর্থন জানালো।
দক্ষিণপূর্ব এশিয়া এবং অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশগুলো এর আগে আইএমএফ পদে একজন ইউরোপীয়র আসীন হওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নিজেদের মধ্য থেকে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা করে আসছিলো।
কিন্তু আইএমএফ প্রধান নির্বাচনের শেষ সময়সীমা শুক্রবার। এর মধ্যে ব্যাংক অব ইসরায়েলের গভর্নর স্ট্যানলি ফিশার এবং মেক্সিকোর সেন্ট্রাল ব্যাংক চীফ অসাস্টিন কার্স্টেনস ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন লগার্ডের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন।
সময় ফুরিয়ে আসতে থাকায় ইন্দোনেশিয়া ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন এবং জর্জিয়া ও মৌরিতানিয়াসহ আরো কয়েকটি ছোট দেশের সমর্থন পাওয়া লগার্ডকেই সমর্থন দিলো।
জাকার্তায় 'ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম' এর সম্মেলনের ফাঁকে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী অসাস মারতোওয়ারদোজো বলেন, "আমি ব্যক্তিগতভাবে ফ্রান্সকে সমর্থন করি।"
আইএমএফ পদের জন্য লগার্ডকে অত্যন্ত প্রফেশনাল, দক্ষ এবং যোগ্য ব্যক্তি হিসাবে বর্ণনা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৯ ঘ.
bdnews24