মানামা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাহরাইনে রাজনৈতিক সংস্কারের দাবিতে শনিবার মিছিল-সমাবেশ করেছে বিরোধীরা।
গত মার্চে উপসাগরীয় দেশগুলোর সেনাবাহিনীর সহায়তায় বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভ দমনের পর এটাই বিরোধীদের প্রথম কর্মসূচি।
শিয়া প্রধান বাহরাইনে ক্ষমতাসীন সুন্নি আল-খলিফা পরিবারের পতনের দাবিতে ফেব্র"য়ারিতে শুরু হওয়া আন্দোলন দমনে মার্চে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী সেখানে যায়। তখন বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করে দেশে সেনা আইন জারি করেন বাদশা হামাদ বিন ঈসা আল-খলিফা।
সেনা আইনের মেয়াদ শেষ হওয়ায় শনিবার বিরোধীদের ওই কর্মসূচিতে বাধা দেয়নি নিরাপত্তা বাহিনী।
শনিবারের মিছিল-সমাবেশের আয়োজন করে দেশটির প্রধান বিরোধী দল ওয়েফাক।
ওয়েফাকের প্রধান শেখ আলী সালমান বলেন, "আমাদের দাবিকে শিয়া মতাবলম্বীদের দাবি বলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এটা সত্য নয়। বরং শিয়া- সুন্নি সবাই একজোট হয়ে রাজনৈতিক সংস্কারের দাবি জানাচ্ছি যাতে দেশের সবার লাভ হয়।"
"শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখব"- বলেন তিনি।
সমাবেশে ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলো বলে দাবি করেছে ওয়েফাক। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সমাবেশে চার হাজার মানুষ যোগ দিয়েছিলো।
বাদশাহ হামাদ বিন ঈসা আগামী ১ জুলাই বিরোধীদের সঙ্গে নতুন সংলাপের প্রস্তাব দিয়েছেন।
সালমান বলেন, "সংলাপে সত্যিকার রাজনৈতিক সংস্কার প্রস্তাব করা উচিত। এটা কোনো লোক দেখানোর সংলাপ হওয়া উচিত নয়।"
ওই সংলাপে সরকার পক্ষে নেতৃত্ব দিতে শনিবার সংসদের স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ওয়েফাক তার বিরোধিতা করে প্রিন্স সালমানকে এ দায়িত্ব দেওয়া দাবি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৫৩১ ঘ.
bdnews24