২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ প্রধান পদের দৌড়ে ইসরায়েলের স্ট্যানলি ফিশার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে মাঠে নেমেছেন ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান স্ট্যানলি ফিশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

জেরুজালেম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে মাঠে নেমেছেন ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান স্ট্যানলি ফিশার। শনিবার এ পদে নিজের প্রার্থীতা ঘোষণা করে ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন লগার্ডের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেন তিনি। আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনায় আইএমএফ প্রধানের পদটি অন্যতম সম্মানজনক পেশা উল্লেখ করে ফিশার বলেন, "সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের পদত্যাগে এ পদে আসীন হওয়ার অসাধারণ এক সুযোগ সৃষ্টি হয়েছে, যা হয়তো আর কখনোই ঘটবে না। তাই খুব ভালোভাবে ভেবে চিন্তেই আমি এ পদের জন্য প্রার্থীতা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।" ফিশারকে এখন এ পদের জন্য ক্রিস্টিন লগার্ডের পাশাপাশি মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অগাস্টিন কার্স্টেন্স এর সঙ্গে লড়তে হবে। ১৯৯৪-২০০১ সালে ফিশারই ছিলেন আইএমএফ এর প্রথম উপ-ব্যবস্থাপনা পরিচালক। ১৯৯০ এর দশকে বিশ্বের অর্থনৈতিক সঙ্কট সামাল দেওয়ার জন্য মার্কিন রাজস্বমন্ত্রী রবার্ট রুবিনের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। আইএমএফ প্রধান পদে কাজ করে বিশ্ব অথনৈতিক অঙ্গনে অবদান রাখার ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন ফিশার। তাকে সমর্থনও দিয়েছেন আইএমএফ এ ইসরায়েলের প্রতিনিধি অর্থমন্ত্রী ইউভাল স্টেইনিজ। কিন্তু জাম্বিয়ায় জন্মগ্রহণকারী ফিশারের ইসরায়েলি নাগরিকত্ব থাকায় আরব দেশগুলো থেকে আপত্তির মুখে পড়তে পারেন তিনি। তাছাড়া, ফিশারের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে। সেক্ষেত্রে আইএমএফ প্রধান পদে একজন ইউরোপীয় নির্বাচিত হওয়া এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান একজন মার্কিনী নির্বাচিত হওয়ার দীর্ঘদিনের যে ঐতিহ্য আছে সেদিক থেকেও সমস্যায় পড়তে পারেন ফিশার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৫ ঘ.