ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে প্রায় সাড়ে ১১ কোটি শিশু ঝুঁকিপূর্ণ কাজ করছে। রোববার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আগে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন প্রতিটি মিনিটে বিশ্বের কোথাও না কোথাও একজন শিশু শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনা, অসুস্থতা বা আঘাতের শিকার হচ্ছে।
শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন জানায়, বিশ্বে প্রায় সাড়ে ২১ কোটি শিশু শ্রমিকের অর্ধেকেরও বেশি খনির কাজ থেকে শুরু করে নির্মাণ, কৃষি এবং শিল্প উৎপাদনের কাজে নিয়োজিত।
আইএলও মহাপরিচালক হুয়ান সামাভিয়া এক বিবৃতিতে বলেন, "গত দশকে শিশু শ্রম প্রতিরোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও বিশ্বজুড়ে শিশু শ্রমিক বিশেষত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু শ্রমিকের সংখ্যা এখনো অনেক বেশি।
যেসব কাজে শিশুর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে এবং শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় সেগুলো নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার।"
আইএলওর সমীক্ষায় দেখা গেছে, ২০০৪ থেকে ২০০৮ সাল সময়সীমায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু শ্রমিকের সংখ্যা কমলেও সে সময়ে ১৫ থেকে ১৭ বছর বয়সী শ্রমিকের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে।
কর্মক্ষেত্রে পূর্ণ বয়স্কদের তুলনায় শিশু শ্রমিকদের আঘাত পাওয়া ও মৃত্যুর হারও অনেক বেশি। তাছাড়া তাদের শরীর ও মন বিকাশমান পর্যায়ে থাকায় কর্মক্ষেত্রে অসহায় থাকে শিশু।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত মোট শিশুর ৫ দশমিক ৬ শতাংশই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
তবে শুধু উন্নয়নশীল দেশগুলোতেই ঝুঁকিপূর্ণ কাজে শিশু নিয়োজিত রয়েছে তা নয় উন্নত দেশেও এ সমস্যা রয়ে গেছে বলে জানায় আইএলও।
হিউম্যান রাইটস ওয়াচের ২০১০ সালে এক সমীক্ষার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রেও কৃষিতে শিশু শ্রমিকরা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে।
যুক্তরাষ্ট্রের ১৭ বছর বয়সী জোসে এম. গবেষকদের বলেন, "আমার বয়স যখন বারো বছর তখন তারা আমাকে প্রথম কাস্তে দেয়। সপ্তাহের পর সপ্তাহ আমি আমাকে কাটতে থাকি। প্রতি সপ্তাহে আমার শরীরে একটি নতুন ক্ষত হতো। আমার হাতে এ ধরনের অনেক ক্ষত আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এমআই/১৪১৭ ঘ.
bdnews24