২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আফ্রিকায় মার্কিন দূতাবাসে বোমা হামলাকারী নিহত'

কেনিয়া ও তাঞ্জানিয়ায় মার্কিন দূতাবাসে ১৯৯৮ সালে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন আল-কায়েদা সদস্য ফজুল আব্দুল্লাহ মোহাম্মেদ নিহত হয়েছেন বলে দাবি করেছে সোমালি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

মোগাদিসু, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়া ও তাঞ্জানিয়ায় মার্কিন দূতাবাসে ১৯৯৮ সালে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন আল-কায়েদা সদস্য ফজুল আব্দুল্লাহ মোহাম্মেদ নিহত হয়েছেন বলে দাবি করেছে সোমালি পুলিশ। সোমালিয়ার জাতীয় নিরাপত্তা কর্মকর্তা হালিমা এডেন রয়টার্সকে বলেন, "এ সপ্তাহে একটি তল্লাসি চৌকিতে পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তার কাছে দক্ষিণ আফ্রিকার একটি জাল পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র ছিলো। তদন্ত শেষে আমরা নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তিই ফজুল আব্দুল্লাহ মোহাম্মেদ। তারপর আমরা তার লাশ কবর দেই।" বিবিসির খবরে বলা হয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বুধবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্য এক ব্যক্তিসহ নিহত হন আব্দুল্লাহ। ১৯৯৮ সালে কেনিয়ার রাজধানী নাইরোবি ও তাঞ্জানিয়ার দার এস সালামে মার্কিন দূতাবাসে বোমা হামলায় দুইশ' ২৪ জন নিহত ও পাঁচ হাজার মানুষ আহত হয়। হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের 'মোস্ট ওয়ানটেড' ব্যক্তিদের তালিকায় ছিলেন তিনি। তার অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গত শতকের সত্তরের দশকে কোমোরোস দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ। নব্বইয়ের দশকে আফগানিস্তানে আল-কায়েদার সঙ্গে তিনি যোগ দেন বলে ধারণা গোয়েন্দা কর্মকর্তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২১২৫ ঘ.