২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া ত্যাগে গাদ্দাফিকে সহায়তার নিশ্চয়তা দিয়েছে তুরস্ক

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে 'আশ্রয়' অথবা অন্যকোথাও যেতে চাইলে সহায়তার 'নিশ্চয়তা' দিয়ে প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 07:35 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে 'আশ্রয়' অথবা অন্যকোথাও যেতে চাইলে সহায়তার 'নিশ্চয়তা' দিয়ে প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক। তবে এ ব্যাপারে গাদ্দাফির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে শুক্রবার জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়িপ এরদোগান। ব্রিটেনের সংবাদপত্র গার্ডিয়ান এ খবর জানায়। এনটিভি ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তুর্কি প্রধানমন্ত্রী বলেন, "গাদ্দাফির লিবিয়া ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই তাকে এ আশ্বাস দেওয়া হয়েছে।" তিনি আরো বলেন, "আমাদের প্রতিনিধির মাধ্যমে তাকে 'নিশ্চয়তা' দিয়ে এ প্রস্তাব পাঠিয়েছি। আমরা তাকে বলেছি, তিনি যেখানে যেতে চান সেখানেই পাঠানোর ব্যাপারে আমরা সহায়তা করবো। তার কাছ থেকে জবাব পাওয়ার পর বিষয়টি নিয়ে আমরা মিত্রদের সঙ্গে আলোচনা করবো বলে ঠিক করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখনো পর্যন্ত গাদ্দাফির কাছ থেকে কোনো জবাব পাইনি।" তবে ন্যাটোর সদস্য তুরস্ক গাদ্দাফিকে কি ধরনের নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে সে বিষয়টি নির্দিষ্ট করে বলেননি এরডোগান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩১ ঘ.