রায়পুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের দুটি পৃথক বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছে।
বোমা হামলার দুটি ঘটনাই ছত্তিশগড়ের বনঅধ্যুষিত অঞ্চলে সংঘটিত হয়েছে যেখানে মাওবাদীরা অত্যন্ত সক্রিয়।
পুলিশের অতিরিক্ত মহাপরিচালক রাম নিবাস জানান, "হামলাগুলো ছিল বিশাল"।
ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলার কাত্তিকালায়ন এলাকায় শুক্রবার সকালে গাড়িতে করে বিশেষ পুলিশ বাহিনীর (এসপিও) কর্মকর্তারাসহ সাধারণ পুলিশ সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
দান্তেওয়াদা জেলার গাতান গ্রামের কাছে একটি সেতু পার হওয়ার আগমুহূর্তে ওই গাড়িটি মাওবাদীদের হামলার শিকার হয়।
প্রায় ৭০ কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরকের আঘাতে গাড়িটি উড়ে যায়। পাশাপাশি মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে গুলিও ছোঁড়ে।
এতে ঘটনাস্থলেই সাত এসপিও সদস্য ও তিনজন সাধারণ পুলিশসদস্য মারা যান। এই ঘটনায় আহত তিনজনকে বস্তার জেলার হাসপাতালে পাঠানো হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী গাড়িটি ভূমিমাইনের আঘাত প্রতিরোধক্ষম ছিল বলে জানা যায়।
মাওবাদীদের অপর এক হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪০ ঘ.
bdnews24