২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবু ধাবি বৈঠক সাহায্যের প্রতিশ্রুতি পেলো লিবিয়ার বিদ্রোহীরা

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে লিবিয়া পরিস্থিতি নিয়ে পশ্চিমা ও আরব দেশগুলোর কনটাক্ট গ্রুপের বৃহস্পতিবারের বৈঠকে ৫০ কোটি ডলারেরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছে লিবিয়ার বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

মিসরাতা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে লিবিয়া পরিস্থিতি নিয়ে পশ্চিমা ও আরব দেশগুলোর কনটাক্ট গ্রুপের বৃহস্পতিবারের বৈঠকে ৫০ কোটি ডলারেরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাতিনি রয়টার্সকে বলেন, ইতালি লিবিয়ার বিদ্রোহীদের ৪০ কোটি ইউরোর (৫৮৬ দশমিক ১ মিলিয়ন) তহবিল ও জ্বালানি সহায়তা দেবে। ওদিকে, কুয়েত তাৎক্ষণিকভাবে ১৮ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। নেতা মুয়াম্মার গাদ্দাফি পরবর্তী লিবিয়া পরিস্থিতির প্রস্তুতি নিতে বৈঠকে যোগ দেন ৩০ টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গাদ্দাফি বিরোধী বিদ্রোহীদের অন্তর্বতীকালীন জাতীয় পরিষদকে এ তহবিল সহায়তার প্রতিশ্রুতি দেন নেতারা। এ প্রতিশ্রুতি পেয়ে লিবিয়ার বিদ্রোহীরা নতুন করে তেল উৎপাদন শুরুর আশা প্রকাশ করেছে। বিদ্রোহীদের তেল ও অর্থমন্ত্রী আলি তারহুনি বলেছেন, তারা শিগগিরিই দিনে নতুন করে ১ লাখ ব্যারেল তেল উৎপাদন শুরু করার ব্যাপারে আশাবাদী। তবে কখন তা শুরু করা হবে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি। গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহী তৎপরতা জোরদার করতে লিবিয়ার প্রধান বিরোধী গ্রুপ বিদেশিদের কাছ থেকে অর্থ সহায়তা চেয়েছিলো আগেই। দ্রুত এ অর্থ সহায়তা না পেলে লিবিয়ায় ন্যাটো হামলার সমর্থনে আয়োজিত আবু ধাবি বৈঠক পুরোপুরি ব্যর্থ হওয়ারও সতর্কবার্তা দিয়েছিলো তারা। লিবিয়ার বিদ্রোহী পরিষদ তাদের ৩শ কোটি ডলার প্রয়োজন বলে জানায় । 'লিবিয়া কনটাক্ট গ্রুপ' এর দেশগুলো (ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ আরব মিত্র দেশ জর্ডান, কুয়েত ও কাতার) মে মাসেই লিবীয় বিদ্রোহীদের জন্য তহবিল সহায়তা দিতে একমত হয়। এবার আবুধাবির বৈঠকে তারা সেই তহবিল দেওয়ারই চূড়ান্ত প্রতিশ্রুতি দিলো। তবে এ তহবিল কখন সরবরাহ করা হবে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। লিবিয়ার বিদ্রোহীরা অবিলম্বে আরো অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লিবিয়ার বিদ্রোহীদের জন্য নতুন কোনো অর্থ সহায়তা ঘোষণা করেননি। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র অতিরিক্ত ২৬ দশমিক ৫ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দেবে। গাদ্দাফির পতন ঘটাতে তার ওপর চাপ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন হিলারি। তিনি বলেন, "গাদ্দাফির দিন হাতেগোনা। সময় এখন আমাদের অনুকূলে।" বৈঠকের শুরুতে হিলারি বলেন, "সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দৃঢ়সঙ্কল্প ধরে রাখা এবং একতাবদ্ধ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।" তিনি আরো বলেন, "লিবিয়ার জনগণকে রক্ষায় সামরিক অভিযানের পাশাপাশি আমাদেরকে গাদ্দাফি ও তার প্রশাসনের ওপর রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ আরো বাড়াতে হবে।" এর আগে আবু ধাবিতে বৈঠক শুরুর প্রাক্কালে এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, তারা লিবিয়ায় সংঘাত অবসান ঘটানোর শেষ উপায় নিয়ে আলোচনা করবে। এর মধ্যে রয়েছে কোনোধরনের অস্ত্রবিরতির ব্যবস্থা করা, কোনোধরনের রাজনৈতিক পক্রিয়া নেওয়া এবং গাদ্দাফি ও তার পরিবারের বিষয়টি।" লিবিয়ার বিদ্রোহী ট্র্যানজিশনাল ন্যাশনাল কাউন্সিল (টিএনসি) এবং পশ্চিমা মিত্রদেশগুলো এর আগে লিবিয়া সরকারের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ, এতে গাদ্দাফির ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত ছিলো না। মার্কিন কর্মকর্তারা বলেছেন, গাদ্দাফির ভাগ্য নির্ধারণ নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। তবে গাদ্দাফির কোথায় যাওয়া উচিত বা তার লিবিয়াতেই থাকা উচিত কিনা তা নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৭ ঘ.