সান ফ্রানসিসকো, ০৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাকাশযানের আদলে বৃত্তাকার সদরদপ্তর নির্মাণ করবে বহুজাতিক মার্কিন কম্পিউটার কোম্পানি অ্যাপল ইনকর্পোরেশন। আর এটি হবে বিশ্বের সেরা অফিস ভবন। অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস মঙ্গলবার একথা জানিয়েছেন।
অ্যাপলের নিজ শহর কুপারটিনোতে নতুন এ দপ্তরটি তৈরি হবে। এখানে অ্যাপলের ১২ হাজার কর্মীর সবাই একসাথে কাজ করতে পারবেন বলে জানান জবস।
কুপারটিনো সিটি কাউন্সিলে মঙ্গলবার রাতে স্টিভ জবস এ পরিকল্পনা প্রকাশ করেন।
ওই অনুষ্ঠানে স্টিভ জবস বলেন, "ভবনটি দেখলে মনে হবে একটি মহাকাশযান মাটিতে নেমে এসেছে।"
এরপর তিনি ভবনের একটি স্কেচ দেখান। চারতলা ওই বৃত্তকার ভবনটির মাঝখানে ১৫০ একরের একটি খালি জায়গা সাজানো থাকবে গাছাপালা, স্থানীয় লতাগুল্ম ও একটি আখরোটের বাগান দিয়ে।
অ্যাপল 'আগাছার মতো' বেড়ে উঠেছে উল্লেখ করে জবস বলেন, ১২ হাজার কর্মীর স্থান সঙ্কুলানের জন্য অ্যাপলের বড় জায়গা দরকার।
নতুন অফিসটি অ্যাপলের মূল ক্যাম্পাসের সঙ্গে নতুন আরেকটি ভবন হিসাবেই গড়ে তোলা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৯ ঘ.
bdnews24