মিরানশাহ (পাকিস্তান), জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি তল্লাশি চৌকিতে জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে আট সেনাসহ ২০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
রকেটসহ ভারী অস্ত্রে সজ্জিত প্রায় ১৫০ জন জঙ্গি বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন ওয়াজিরিস্তানের ওই তল্লাশি চৌকিতে হামলা চালায় বলে স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
জঙ্গিদের হামলায় আটজন সেনা নিহত হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১২ জঙ্গি প্রাণ হারিয়েছে বলে কর্মকর্তারা জানান।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও এ ঘটনায় পাকিস্তানি তালেবান জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতিমাসের প্রথমদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে আল কায়েদার এক শীর্ষ নেতা ইলিয়াস কাশ্মিরি মার্কিন ড্রোন হামলায় নিহত হন।
ইলিয়াসের হত্যাকা-ের পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় জঙ্গিরা, যেমনটি তারা আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরও দিয়েছিল।
অবশ্য ইলিয়াস কাশ্মিরির নিহতের বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র। তাই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
চলতি বছরের মে মাসের ২ তারিখ পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডোদের আকস্মিক হামলায় আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন।
ইলিয়াস কাশ্মিরি নিহত হয়ে থাকলে বিন লাদেনের পর এটিই হবে আল কায়েদার শীর্ষ স্থানীয় কোনো নেতার মৃত্যুর ঘটনা।
যুক্তরাষ্ট্রের বিবেচনায় পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৯ ঘ.
bdnews24