মহীশূর, জুন ০৮ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মহীশূরে দুটি বন্য হাতির তান্ডবে কমপক্ষে ১ জন নিহত হওয়া ছাড়াও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্ণাটক রাজ্যে মহীশূর নগরীর শহরতলীতে একর পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে যায় হাতি দুটি।
বাম্বো বাজার এলাকায় তর্জন-গর্জন শুনে ৫৫ বছরের এক বৃদ্ধা বাড়ির বাইরে বেরিয়ে এলে হাতির পায়ের চাপায় মারা যায়। কর্ণাটকের উচ্চশিক্ষা মন্ত্রী এসএ রামদাস এএফপি বার্তা সংস্থাকে একথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, কাছের একটি বন থেকে ওই দুই হাতি শহরে ঢুকে পড়লে অধিবাসীরা প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে যায়।
একটি হাতি মহিলা কলেজ প্রাঙ্গণে ঢুকে মাঠের মধ্যে এলোপাতাড়ি হাঁটাহাঁটি করতে থাকে। অন্যটি আবাসিক এলাকায় ঢুকে ধ্বংসযজ্ঞ চালায়।
রামদাস জানান, হাতির এ তান্ডবের কারণে বুধবার সারাদিন স্কুল কলেজ বন্ধ রাখা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশও।
পরে বন বিভাগ এবং মহীশূর চিড়িয়াখানার কর্মকর্তারা এসে হাতি দুটিকে ধরে অজ্ঞান করে ফেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৪ঘ.
bdnews24