২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে আন্না হাজারের অনশনে হাজারো জনতা

ভারত সরকারের দুর্নীতি ও যোগগুরু স্বামী রামদেবের ওপর পুলিশী তৎপরতার প্রতিবাদে নয়াদিল্লির রাজঘাটে গান্ধীবাদী প্রবীণ সমাজসেবী আন্না হাজারের একদিনের অনশন সত্যাগ্রহে বুধবার যোগ দিয়েছে হাজারো জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

নয়া দিল্লী, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত সরকারের দুর্নীতি ও যোগগুরু স্বামী রামদেবের ওপর পুলিশী তৎপরতার প্রতিবাদে নয়াদিল্লির রাজঘাটে গান্ধীবাদী প্রবীণ সমাজসেবী আন্না হাজারের একদিনের অনশন সত্যাগ্রহে বুধবার যোগ দিয়েছে হাজারো জনতা। এতে করে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির ওপর চাপ আরো বাড়ছে। রামদেবের শান্তিপূর্ণ অনশন ধর্মঘট ভেঙে দিতে শনিবার মাঝরাতে লাঠিচার্জ ও টিয়ারগ্যাসসহ পুলিশী অভিযানের নিন্দা জানিয়েছে অনশনে যোগদানকারীরা। এ পুলিশী তৎপরতাকে মানবতার কলঙ্ক এবং গণতন্ত্রের কন্ঠরোধ বলে বর্ণনা করেন হাজারে। নয়াদিল্লিতে ভয়াবহ গরমের মধ্যে অনশন শুরুর মুহুর্তে হাজারে বলেন, "অন্যায় দমনপীড়ন চলতে থাকলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা অপরাধ নয়। আপনারা যদি প্রতিবাদকারীদের পেটাতে চান তবে তা ঠিক না। আমি মরতে ভয় পাই না।" রাজঘাটে স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর সমাধিস্থলের কাছে হাজারে সাদা কাপড় পরে অনশন শুরু করেন। আন্দোলনকারীরা সেখানে হাততালি দিয়ে, গান গেয়ে, ঢোল বাজিয়ে এবং ভারতের জাতীয় পতাকা উড়িয়ে বিক্ষোভ করে। অনেক অংশগ্রহণকারী 'ভারত দুর্নীতির বিপক্ষে' শ্লোগান লেখা টি শার্ট পরে বিক্ষোভে যোগ দেয়। সমবেত জনতার উদ্দেশে হাজারে বলেন, "আমাদেরকে স্বাধীনতার দ্বিতীয় লড়াইয়ে নামতে হবে।" তাই দুর্নীতি রোধ এবং গণতন্ত্র রক্ষায় এ অনশন দিয়ে ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু করলেন হাজারে। গত ২০ বছওে ১০৮ দিন অনশন করার নজির স্থাপন করেছেন হাজারে। তার এ কর্মসূচিতে মন্ত্রীরা পদত্যাগে বাধ্য হওয়া ছাড়াও ভারতে তথ্য অধিকার আইন প্রতিষ্ঠা পেয়েছে। গত এপ্রিলেও তিনি ৫ দিন অনশন কর্মসূচি পালন করেন। এবারের অনশনে হাজারে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সরকার ১৬ আগস্টের মধ্যে দুর্নীতি বিরোধী লোকপাল বিল পাশ না করলে তিনি আমরণ অনশন শুরু করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫২ঘ.