আম্মান, ০৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নারী শিশু মিলিয়ে সিরিয়া থেকে পালানো মোট ১২২ জন তুরস্কে আশ্রয় খুঁজছে। তুরস্কের রাষ্ট্রপরিচালিত আনাতোলি সংবাদ সংস্থা বুধবার এ প্রতিবেদন প্রকাশ করেছে।
সিরিয়ার উত্তপশ্চিমাঞ্চলে জিসর আল-সুঘোর শহরে ট্যাংক ও সেনা প্রবেশের কারণে রক্তক্ষয়ের আশঙ্কায় পালাচ্ছে মানুষ।
সেনাবাহিনী শহরটিতে অবস্থান নিচ্ছে। ফলে ভয়ে বেশির ভাগ মানুষই পালাচ্ছে বলে জানিয়েছেন সরকারবিরোধী এক বিক্ষোভকারী।
নাম প্রকাশ না করে তিনি বলেন, লোকজন জানে হতাহতের ঘটনা অনেক বেশি ঘটবে। সেকারণে লোকজন পালিয়ে তুরস্ক সীমান্ত সংলগ্ন একটি গ্রামে জড়ো হয়েছে। সীমান্ত পেরিয়ে যাওয়া লোকজন রেড ক্রিসেন্টের খাটানো তাঁবুতে আশ্রয় নিয়েছে।
তুরস্কের দক্ষিণাঞ্চলে হাতায় প্রদেশের ইয়ায়লাদাজি জেলায় এসব তাঁবুতে অবস্থান নিয়েছে তারা। এ এলাকাটি সিরিয়া সীমান্তের উত্তরে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, মার্চে সিরিয়ায় রক্তক্ষয়ী বিক্ষোভ-সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪২০ জন সীমান্ত পেরিয়ে তুরস্কে প্রবেশ করেছে।
তুরস্কের দক্ষিণাঞ্চলে আহতদের হাসপাতালে নেওয়ার দৃশ্যও দেখানো হয়েছে দেশটির টিভিতে।
ওদিকে, সিরিয়া সরকারের দমনপীড়নের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট অনুষ্ঠানের জন্য চাপ দিচ্ছে ব্রিটেন ও ফ্রান্স।
ব্রিটেন বুধবার দিনশেষে একটি খসড়া নিন্দা প্রস্তাব উপস্থাপন করার পরিকল্পনা জানিয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে বলেছেন, "সিরিয়ার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়া কয়েক দিন কিংবা কয়েক ঘণ্টার ব্যাপার মাত্র।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24