লস এঞ্জেলেস, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/রয়টার্স)- মাইকেল জ্যাকসনের মৃত্যুর আগে আয়োজিত সিরিজ কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ১৭ কোটি ৫০ লাখ ডলারের যে বীমা করেছিল তা বাতিলে মামলা করেছে বীমা প্রতিষ্ঠান লিওডস অব লন্ডন।
তাদের অভিযোগ, জ্যাকসনের মাদক ব্যবহারের বিষয়ে তাদেরকে জানানো হয়নি।
সোমবার লস এঞ্জেলেস উচ্চ আদালতে অনুষ্ঠানের আয়োজন এইজি লাইভ ও জ্যাকসনের কোম্পানির বিরুদ্ধে মামলা করেন তারা।
মামলায় এ বীমা সংক্রান্ত বিরোধের সমাধানে বিচারকের প্রতি আহ্বানও জানানো হয়।
২০০৯ সালের ২৫ জুন লস এঞ্জেলেসে মাইকেল জ্যাকসনের (৫০) মৃত্যু হয়। এর কয়দিন পরই লন্ডনে ধারাবাহিক ৫০টি কনসার্ট করার কথা ছিলো তার।
বেশি পরিমাণে প্রোপোফল (যা সাধারণত অস্ত্রোপচারের সময় অচেতন করতে ব্যবহার করা হয়) ও অন্যান্য ব্যাথানাশক ওষুধ সেবনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জ্যাকসনের মৃত্যু, দুর্ঘটনা অথবা অসুস্থতার জন্য যদি লন্ডন কনসার্ট বাতিল বা স্থগিত করতে হয় সেজন্য এ বীমা করা হয়েছিল।
মামলায় অভিযোগ করা হয়েছে, বীমা প্রতিষ্ঠানকে গায়কের চিকিৎসার ইতিহাস জানাতে ব্যর্থ হয়েছে এইজি লাইভ।
এতে আরো বলা হয়, এইজি লাইভ বা জ্যাকসন অথবা তার কোম্পানি জ্যাকসনের প্রোপোফল ব্যবহারের বিষয়টি জানলেও বীমা প্রতিষ্ঠানকে তা জানায়নি।
তবে ব্যক্তিমালিকানাধীন এইজি লাইভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে ঘুমের ওষুধ হিসেবে বেশি পরিমাণে প্রোপোফল দেওয়ার অভিযোগে আগামী সেপ্টেম্বর মাসে জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. কনরাড মুরেকে বিচারের মুখোমুখি হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১৬ ঘ.
bdnews24