ক্যানবেরা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ায় গবাদি পশু রপ্তানি স্থগিত করেছে অস্ট্রেলিয়া। প্রতিবেশী ওই দেশটিতে গবাদি পশুর প্রতি নির্দয় আচরণের টেলিভিশন ফুটেজ দেখে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
'অ্যানিমেলস অস্ট্রেলিয়া' আন্দোলনের পরিচালক লিন হোয়াইটের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ইন্দোনেশিয়ার কিছু কিছু কসাইখানায় পশু জবাই করার আগে সেগুলোকে চাবুক দিয়ে বেদম পেটানো হচ্ছে।
পশু অধিকার আন্দোলনে জড়িত গোষ্ঠীগুলো যেসব দেশে গবাদি পশুর সাথে নির্দয় আচরণ করা হয় সেসব দেশে পশু রপ্তানি বন্ধের জন্য অস্ট্রেলীয় সরকারের প্রতি আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়ায় পশু রপ্তানি সাময়িকভাবে ৬ মাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয় সরকার ।
অবশ্য পশু অধিকার গোষ্ঠীগুলো স্থায়ীভাবে রপ্তানি বন্ধের দাবি জানিয়েছিল।
ইন্দোনেশিয়ায় গবাদি পশু রপ্তানি স্থগিতের পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে পশু রপ্তানির বিষয়টিও অস্ট্রেলিয়া পর্যালোচনা করবে বলে কৃষিমন্ত্রী জো লুডুইং জানান।
এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "দেশটিতে গবাদিপশুর প্রতি সদয় আচরণ নিশ্চিত না করা পর্যন্ত পশু রপ্তানি শুরু করা সম্ভব নয়।"
তিনি আরো বলেন, "গবাদি পশু ও পোল্ট্রি শিল্প এবং ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্কের সম্ভাব্য সবচেয়ে ইতিবাচক ফলাফলে পৌঁছতে অস্ট্রেলিয়ার সরকার অঙ্গীকারাবদ্ধ।"
গবাদি পশু রপ্তানি স্থগিতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন 'অ্যানিমেলস অস্ট্রেলিয়া' আন্দোলনের পরিচালক লিন হোয়াইট ।
এদিকে সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী রক্ষণশীল দল। তাদের অভিযোগ, এ সিদ্ধান্তের জন্য ইন্দোনেশিয়ার কসাইখানার কর্মীরা ক্ষতিগ্রস্থ হবে।
এর আগে সমুদ্র পথে সৌদি আরবে গবাদি পশু রপ্তানির সময় প্রচন্ড গরমে শত শত পশু মারা যাওয়ায় ১৯৯১ থেকে ২০০০ সালের মাঝামাঝি পর্যন্ত সৌদি আরবে পশু রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়ার তৎকালীন রক্ষণশীল সরকার।
ইন্দোনেশিয়ায় গবাদি পশু রপ্তানি করে অস্ট্রেলিয়া ৩৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করে থাকে। আর এ আয়ের ৬০ শতাংশ আসে দেশটিতে গবাদি পশুর মাথা রপ্তানি করে। প্রতিবছর দেশটিতে ৫ লাখ গবাদি পশুর মাথা রপ্তানি করে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৫ ঘ.
bdnews24