ত্রিপোলি, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মঙ্গলবার পরপর চারটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। ওদিকে, বিদ্রোহী নিয়ন্ত্রিত বেনগাজিতে গেছেন রাশিয়ার এক দূত।
ত্রিপোলিতে চারটি বিস্ফোরণের মধ্যে তিনটি ঘটেছে বাব আল-আজিজিয়া কমপ্লেক্সে। স্থানীয় সময় বেলা পৌনে ১১ টায় প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই আরো তিনটি বিস্ফোরণ ঘটে।
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বাসস্থানের আশ-পাশের এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
এছাড়া ত্রিপোলিতে বিদেশি প্রতিবেদকরা যে হোটেলে অবস্থান করছেন সেখান থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
লিবিয়া সরকার বলছে, ন্যাটো জঙ্গি বিমানগুলো গাদ্দাফির আবাসস্থল লক্ষ্য করে প্রচ- হামলা চালাচ্ছে।
৩০ এপ্রিল ন্যাটোর এরকম জঙ্গি বিমান হামলায় গাদ্দাফির ছেলে সাঈফ আল-আরব প্রাণ হারায়।
মার্চের শেষের দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ বিমান হামলা শুরু হয়।
সম্প্রতি গাদ্দাফিকে উৎখাত করতে ন্যাটো হামলার মাত্রা বাড়িয়েছে।
এরই মধ্যে বেনগাজিতে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের আফ্রিকা বিষয়ক বিশেষ দূত মিখাইল মার্গেলভ।
লিবিয়া সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জোরালো প্রচেষ্টায় তিনি সেখানে গেলেন। বিদ্রোহীদের ঘাঁটিতে রাশিয়ার কোনো শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম সফর।
বেনগাজিতে মার্গেলভ সাংবাদিকদের বলেন, বেনগাজি এবং ত্রিপোলি দুই শিবিরের মধ্যে সংলাপের ব্যবস্থা করাই রাশিয়ার কাজ।
বেনগাজি পৌঁছে তিনি রাশিয়ার রাষ্ট্রীয় টিভি রোশিয়া-২৪ কে বলেন, "রাশিয়া এখন লিবিয়ায় এখন এক অনন্য পরিস্থিতির মুখে আছে। আমরা ত্রিপোলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করিনি। আবার বেনগাজির সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছি।"
বেনগাজিকে এক সংবাদ সম্মেলনে মার্হেলভ বলেন, "সম্ভব হলে আমরা লিবিয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক সংলাপ শুরু করার জন্য আমরা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে প্রস্তুত।"
রাশিয়া রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্য যে কোনোভাবে এক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত বলে জানান তিনি।
মার্গেলভ এও বলেন, "লিবিয়ার জনগণের ওপর বুলেট চালিয়ে গাদ্দাফি ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন বলেই আমরা বিশ্বাস করি।"
উল্লেখ্য, ৪২ বছর ধরে লিবিয়ার ক্ষমতায় আছেন গাদ্দাফি। এত বছর ধরে চলা গাদ্দাফির শাসনের বিরোধিতা করে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে লিবিয়ায় বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৩ঘ.
bdnews24