পেশোয়ার, পাকিস্তান, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানি তালেবানরা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতে দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে।
এক ঊর্ধ্বতন তালেবান নেতা মার্কিন স্থাপনাগুলোতে হামলা পরিকল্পনা করার কথা জানিয়েছেন।
২ মে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে বিন লাদেন হত্যাকে কেন্দ্র করে এ প্রতিশোধ হামলার হুমকি দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা 'তালেবান মুভমেন্ট অব পাকিস্তান'।
টিটিপি এরই মধ্যে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের গাড়িবহরে হামলা চালানোসহ নৌ ঘাঁটি অবরোধ এবং আধাসামরিক ক্যাডেটদের ওপর হামলা চালিয়েছে।
তারা এ বাহিনীকে যুক্তরাষ্ট্রের ক্রিড়নক হিসেবে দেখে আর ওয়াশিংটনের কাছে জঙ্গি দমনে এ বাহিনী হচ্ছে অপরিহার্য।
মোহমান্দে পাকিস্তানের অন্যতম বিদ্রোহী আদিবাসী সংস্থার শীর্ষ তালেবান কমান্ডার ওমর খালিদ খোরাসানি রয়টার্সের কিছু প্রশ্নের উত্তর দেওয়াসহ এর ডিভিডি রেকর্ড করতে দিয়েছেন।
ওই ডিভিডিতেই খালিদ খোরাসানিসহ তার কিছু সহযোগীকে টিটিপি'র অভিপ্রায় নিয়ে কথা বলতে দেখা গেছে।
খোরাসানি বলেন, বিন লাদেনকে হত্যার পর পাকিস্তানে টিটিপি'র সাম্প্রতিক যে হামলাগুলো হয়েছে তা প্রতিশোধের শুরু মাত্র।
তিনি বলেন, "এ হামলা আমাদের প্রতিশোধের একটি অংশ মাত্র। আল্লাহ চাইলে গোটা বিশ্ব দেখবে আমরা লাদেন হত্যার প্রতিশোধ কিভাবে নেই। পাকিস্তানের বাইরে কয়েকটি দেশে আমাদের নেটওয়ার্ক আছে।"
" দেশে ভেতরে-বাহিরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের হামলা চলছে। আমরা পাকিস্তানের বাইরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাতে পারি তাও প্রমাণ হয়ে যাবে যখন আমরা তা চালাবো।"
তবে টিটিপি এখন পর্যন্ত পশ্চিমের দেশগুলোতে শক্তিশালী হামলা চালানোর সক্ষমতা দেখাতে পারেনি। যুক্তরাষ্ট্রে তাদের হামলার চেষ্টা একবার ব্যর্থ হয়েছে।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গত বছর ব্যর্থ গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছিলো দলটি।
তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং পরবর্তীতে দলটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৩ ঘ.
bdnews24