নিউইয়র্ক, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কান সোমবার নিউইয়র্কের আদালতে ধর্ষণ চেষ্টার অভিযোগে দোষ অস্বীকার করেছেন।
কালো স্যুট পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন কান। শুনানিতে কান তার বিরুদ্ধে আনা অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন।
আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৮ জুলাই।
কানের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান শুনানির পর সাংবাদিকদের বলেন, "যখন প্রমাণ হাজির করা হবে তখন এ ব্যাপারটি স্পষ্ট হবে যে, এখানে কোন শারিরীক বল প্রয়োগের ঘটনা ঘটেনি।"
কিন্তু বাদী পক্ষের আইনজীবী কিনেথ থমপসন বলেছেন, "কঠোর পরিশ্রমী এক সন্তানের জননী স্ট্রস কানের সঙ্গে সম্মতিক্রমে শারিরীক সম্পর্ক করেছে এ ব্যাপারটি হাস্যকর ছাড়া কিছুই নয়।"
তিনি আরো বলেন, "ডোমিনিক ট্রস কানের সব ক্ষমতা, অর্থ ও প্রভাব এ সত্য দমিয়ে রাখতে পারবে না যে, তিনি ওই মহিলার সঙ্গে হোটেল কক্ষে কী করেছেন। তিনি এই আদালতে আসবেন এবং সারা পৃথিবীকে জানাবেন তিনি (ট্রস) তার সঙ্গে কী করেছেন।
কিন্তু ট্রস-কান এ ব্যাপারে দোষ স্বীকার করেননি।
কানের বিরুদ্ধে এক হোটেলকর্মীকে ধর্ষণ চেষ্টাসহ যৌন নিপীড়নের ৩ টি অভিযোগ আছে। এ সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৪ ঘ.
bdnews24