২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পথে এমান

গাদ্দাফি বাহিনীর হাতে গণধর্ষণের শিকার এমান আল-ওবাইদি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে লিবিয়া ত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 07:45 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

লিবিয়া, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফি বাহিনীর হাতে গণধর্ষণের শিকার এমান আল-ওবাইদি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে লিবিয়া ত্যাগ করেছেন। এমানের বোন মারওয়ার বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। মারওয়া জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সহায়তায় একটি মানবাধিকার সংগঠন এমান ও তার পিতাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য একটি বেসরকারি বিমানের ব্যবস্থা করেছে। বিমানটি মাল্টা ও অস্ট্রিয়া হয়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবে। মারওয়া জানান, "এমানকে মানসিকভাবে সুস্থ হতে এবং বিশ্রাম দেয়ার একটা সুযোগ চাই আমরা।" "আমার বোনের উপর অনেক ধকল গেছে", বলেন তিনি। মারওয়া আরো জানান, কাতার ছাড়ার আগের কয়েক ঘণ্টা কাতার কর্তৃপক্ষ এমানকে অনেক সহযোগিতা করেছে। "এমান চেয়েছিলেন কাতার থেকে সরাসরি আমেরিকায় যেতে কিন্তু কিছু আইনগত সমস্যার কারণে সেটি সম্ভব হয়নি।" চলতি বছরের মার্চে ত্রিপোলির রিক্সস হোটেরে বিদেশি সাংবাদিকদের কাছে এমান গাদ্দাফি অনুগত বাহিনীর হাতে ধর্ষিত হওয়ার ঘটনা খুলে বলেন। আর এরপরই তিনি আলোচনায় উঠে আসেন। এরপর প্রায় মাসখানেক সময় বাবা-মাসহ কাতারের একটি হোটেলে আশ্রয় নেন এমান। কিন্তু সম্প্রতি তাকে কাতার থেকে লিবিয়ার বেনগাজিতে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। অবশ্য কাতার দাবি করেছে, বেনগাজির বিদ্রোহীরা এমানকে ফেরত পাঠাতে বলায় তারা এ পদক্ষেপ নিয়েছে। সংবাদমাধ্যমে এমান ধর্ষিত হওয়ার কথা ফাঁস করে দেওয়ার পর তাকে সরিয়ে দিতে চেয়েছিল লিবীয় কর্তৃপক্ষ। কিন্তু গাদ্দাফির পক্ষত্যাগী সামরিক কর্মকর্তাদের সহযোগিতায় তিনি আত্মগোপন করে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন বলে এমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৩৪২ ঘ.