২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোলান সীমান্তে ইসরায়েলের গুলিতে নিহত ২৩

সিরিয়ার গোলান মালভূমি সীমান্তে রোববার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্ততপক্ষে ২৩ জনের প্রাণহানি হয়েছে বলে সিরিয়ার সরকারি টেলিভিশন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার গোলান মালভূমি সীমান্তে রোববার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্ততপক্ষে ২৩ জনের প্রাণহানি হয়েছে বলে সিরিয়ার সরকারি টেলিভিশন জানিয়েছে। এতে আহত হয়েছে ২২০ জনেরও বেশি বিক্ষোভকারী। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি বালকও রয়েছে বলে আল জাজিরা জানায়। রোববার অধিকৃত গোলান মালভূমির সীমান্তর বেড়ার দিকে বিক্ষোভকারীরা অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। তার আগে ইসরায়েলি বাহিনী লাউডস্পিকারে শত শত বিক্ষোভকারীর উদ্দেশে 'সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে মারা পড়বে' বলে হুঁশিয়ারি জানায়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে সীমান্ত বেড়া লক্ষ করে পাথর ও অন্যান্য আবর্জনা ছুঁড়ে মারে বলে জানা যায়। এরআগে সিরিয়ার টেলিভিশনে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬ বিক্ষোভকারী নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে জানানো হয়। তবে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়োয়াভ মোরদেশাই গুলি চালানোর কথা স্বীকার করলেও হতাহতের ঘটনা নিশ্চিত করে জানাতে পারেননি। রোববার ছিল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের ৪৪ তম বার্ষিকী। দিনটিকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলো ইসরায়েল। গত মাসে সিরিয়া-লেবানন সীমান্তে ফিলিস্তিনিদের নকবা বা 'বিপর্যয় দিবস'-এ বড় ধরনের বিক্ষোভেও ইসরায়েল গুলি চালিয়েছিলো। এতে ১৩ জন নিহত হয়। প্রায় ৫ লাখ ফিলিস্তিনি সিরিয়ার ১৩ ক্যাম্পে শরণার্থী হিসেবে বসবার করছে। ১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতাযুদ্ধের কালে এই ফিলিস্তিনি শরণার্থীদের পূর্বপুরুষেরা তাদের ঘর-বাড়ি হারিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছিল। গোলান মালভূমি সীমান্তে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "আমরা উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই। এ ধরনের উস্কানিমূলক আচরণ এড়ানো উচিৎ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/১১১৭ ঘ.