গোলান মালভূমি, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সিরিয়ার গোলান মালভূমি সীমান্তে রোববার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে।
বিক্ষোভকারীরা অধিকৃত গোলান মালভূমি সীমান্তের বেড়ার দিকে অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী সেনারা গুলি চালায়। লাইডস্পিকারে কয়েকশ বিক্ষোভকারীর উদ্দেশে তারা বলে, "কেউ সীমান্ত পেরোনোর চেষ্টা করলে মারা পড়বে।"
সিরিয়ার টেলিভিশনে বলা হয়েছে, ইসরায়েলের গুলিতে ৪ বিক্ষোভকারী নিহত এবং ১৩ জন আহত হয়েছে।
তবে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল ইয়োয়াভ মোরদেশাই গুলি চালানোর কথা স্বীকার করলেও হতাহতের ঘটনা নিশ্চিত করে জানাতে পারেননি।
রোববার ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের ৪৪ তম বার্ষিকী। এ দিনটিকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কবস্থায় ছিলো ইসরায়েল।
গত মাসে সিরিয়া-লেবানন সীমান্তে ফিলিস্তিনিদের নকবা বা 'বিপর্যয় দিবস' এ বড় ধরনের বিক্ষোভেও ইসরায়েল গুলি চালিয়েছিলো। এতে ১৩ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৯ঘ.
bdnews24