২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমানকে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে কাতার

গাদ্দাফি অনুগত বাহিনীর গণধর্ষণের শিকার লিবিয়ার এক নারীকে বৃহস্পতিবার দেশে ফেরত পাঠিয়েছে কাতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 07:49 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

দোহা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফি অনুগত বাহিনীর গণধর্ষণের শিকার লিবিয়ার এক নারীকে বৃহস্পতিবার দেশে ফেরত পাঠিয়েছে কাতার। বুধবার বিকেলে এমান আল-ওবাইদি নামের ওই নারীকে কাতারের কর্মকর্তারা আটক করে পরদিন তার বাবা-মাসহ লিবিয়ার বেনগাজিতে পাঠিয়ে দেওয়া হয় বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনএইচসিআর জানিয়েছে। মে মাসের ১১ তারিখ থেকে কাতারের রাজধানী দোহার একটি হোটেলে অবস্থান করছিলেন এমান। মার্চে ত্রিপোলির এক হোটেলে সাংবাদিকদের কাছে এমান অভিযোগ করেন, দু'দিন ধরে আটকে রেখে গাদ্দাফির অনুগত বাহিনীর ১৫ জন সদস্য তাকে ধর্ষণ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক এক সূত্র জানায়, কাতারভিত্তিক লিবিয়ার বিদ্রোহীরা এমানকে দেশে ফেরত পাঠাতে বলেছে। তিনি বলেন, "এটা বলা না হলে কাতার তাকে ফেরত পাঠাতো না।" এদিকে এ কাজকে 'আন্তর্জাতিক আইনের লঙ্ঘণ' বলে অভিযোগ করেছেন ইউএনএইচসিআর'র মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস। হিউম্যান রাইটস ওয়াচের শরণার্থী প্রকল্পের পরিচালক বিল ফ্রেলিক বৃহস্পতিবার এক বিবৃততে বলেন, "গণধর্ষণের শিকার কোনো শরণার্থীকে জোর করে দেশে ফেরত পাঠানো শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘণই নয় বরং এটি নিষ্ঠুর কাজ ও এতে করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি মানসিকব্যধিতে আক্রান্ত হতে পারেন।" এ প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মার্ক টোনার সাংবাদিকদের বলেন, "তাকে (এমান) এভাবে জোর করে দেশে ফেরত পাঠানোর ঘটনায় আমরা ভীষণ মর্মাহত। আমরা বিশ্বাস করি এতে মানবিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে।" তিনি আরো বলেন, "লিবিয়ায় তার (এমান) জীবন পরিষ্কারভাবেই ঝুঁকিপূর্ণ।" এমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লিবিয়ার বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছেন টোনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৫ ঘ.