সানা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইয়েমেনের রাজধানী সানায় বিরোধী আদিবাসী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংসতা বাড়ছে। দেশটিতে গৃহযুদ্ধ বন্ধের চেষ্টায় ওই অঞ্চল সফরে গেছেন মার্কিন দূত জন ব্রেনান।
বৃহস্পতিবার সানার উপকণ্ঠে প্রায় ১শ আদিবাসী যোদ্ধার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।
বুধবার রাতভর চলা সংঘর্ষে নিহত হয়েছে আরো ডজনখানেক মানুষ। তিজ শহরসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে।
প্রেসিডেন্ট প্রাসাদ, রিপাবলিকান গার্ডের নিরাপত্তা চৌকি, প্রেসিডেন্ট সালেহ এর ছেলে আহমেদের নেতৃত্বাধীন এলিট আর্মি ইউনিটের কাছেও সংঘর্ষ হয়েছে।
প্রচ- লড়াই-সংঘর্ষে সানায় বিমানবন্দরে ব্যাহত হয়েছে বিমান চলাচল।
ইয়েমেনে চলছে মূলত ত্রিমুখী লড়াই। একদিকে, সানার রাস্তায় লড়ছে আদিবাসী গ্রুপ এবং সালেহর অনুগত বাহিনী।
আরেকদিকে, দেশজুড়ে বিভিন্ন স্থানে চলছে সরকার-বিরোধী গণবিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং অন্যদিকে, জিনজিবার শহরে চলছে আল কায়েদা বিরোধী অভিযান।
জানুয়ারিতে ইয়েমেনে প্রেসিডেন্ট সালেহ বিরোধী গণবিক্ষোভ শুরু হওয়ার পর সম্প্রতি সর্বশেষ চেষ্টায় আদিবাসী নেতা আল আহমারের নেতৃত্বাধীন দল সালেহ'র পতন ঘটাতে মাঠে নামলে সানায় দুপক্ষে লড়াই শুরু হয়।
পরবর্তীতে দুপক্ষ অস্ত্রবিরতি চুক্তি করলেও তা ভেঙে পড়ে সহিংসতা ও হতাহতের ঘটনা কেবলই বাড়ছে।
ইয়েমেন পরিস্থিতিকে গৃহযুদ্ধের মুখ থেকে ফেরাতে আরো আলোচনার জন্য বৃহস্পতিবার সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতে গেছেন মার্কিন দূত জন ব্রেনান।
সৌদি আরবের এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।
ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করতে ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহকে আরো চাপ দেওয়ার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের দুই নেতার সহায়তা লাভের চেষ্টা করছেন ব্রেনান।
সালেহ ইতোপূর্বে কয়েকবার উপসাগরীয় আরব দেশগুলোর প্রস্তাবিত শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করতে চেয়েও তা করেননি। এতে করে ইয়েমেন সঙ্কট জটিল আকার ধারণ করেছে। দেশটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা করছে বিশ্বের শক্তিধর দেশগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২১ ঘ.
bdnews24