ত্রিপোলি, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার সরকারি বাহনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনেছে জাতিসংঘের তদন্তকারীরা।
একইসঙ্গে বিরোধীপক্ষের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে এমন অপরাধের অভিযোগ তুললেও তা উল্লেখযোগ্য নয় বলে তদন্তকারীরা জানিয়েছে।
তিন মানবাধিকার বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘ মিশনের এই দল বুধবার জেনেভায় তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেন, হত্যা ও নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধের প্রমাণ তারা পেয়েছেন। আর এর পেছনে রয়েছেন দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফি।
তদন্তকারীরা লিবিয়ায় সরকার নিয়ন্ত্রিত ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কথা বলেন।
একইসঙ্গে তারা মানবাধিকার সংস্থা, চিকিৎসক ও কারাবন্দিদের পরিবারের সঙ্গেও কথা বলেন। এমন কি দেশটির সীমান্তের বাইরে শরণার্থী শিবিরে অবস্থানকারীদেরও বক্তব্য তারা গ্রহণ করেছেন।
মোট ৩৫০ জন ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে জাতিসংঘ মিশন দাবি করেছে, "কমিশন এ বিষয়ে সিদ্ধান্তে এসেছে যে, লিবিয়ায় সরকারি বাহিনীর মাধ্যমে মানবতার বিরদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে।"
বিবৃতিতে আরো জানানো হয়, "কমিশন বিরোধীপক্ষের বিরুদ্ধেও কিছু অপরাধমূলক কর্মকা-ের খোঁজ পেয়েছে, যার মধ্যে বেশকিছু আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের পর্যায়ভুক্ত। তবে সে সংখ্যা খুবই কম।"
এর আগে লিবিয়াতে চলমান অভিযানের মেয়াদ আরো ৯০ দিন বাড়িয়েছে ২৮ সদস্য রাষ্ট্রের সামরিক জোট ন্যাটো।
প্রসঙ্গত, ৩১ মার্চ থেকে লিবিয়ায় বিমান হামলার নেতৃত্ব দিচ্ছে ন্যাটো। দেশটির রাজধানী ত্রিপোলিতে নিয়মিত বিমান হামলাও চালাচ্ছে তারা। প্রাথমিকভাবে তিনমাসের জন্য এই হামলা পরিকল্পনা গ্রহণ করা হলেও পরিস্থিতি বিবেচনায় তা আরো ৯০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওই সামরিক জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১১৪ গ.
bdnews24