২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের বিচার করা উচিত: অস্ট্রেলিয়া

জনগণের ওপর বর্বর দমনপীড়ন চালানোর অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জাতিসংঘ আদালতে বিচার করা উচিত। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

সিরিয়া, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- জনগণের ওপর বর্বর দমনপীড়ন চালানোর অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জাতিসংঘ আদালতে বিচার করা উচিত। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড একথা বলেছেন। রাড বলেন, নির্যাতন এবং নিরাপত্তা বাহিনীর হাতে ১৩ বছরের বালক নিহতের ঘটনার মতো অভিযোগের কারণে আসাদ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় কয়েক সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভে ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আটক হয়েছে ১০ হাজার মানুষ। ১৩ বছরের নিহত বালক হামজা আল খাতিব এখন সিরিয়ায় গণআন্দোলনের মধ্যমনি হয়ে উঠেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, নিরাপত্তা বাহিনী হামজাকে আটক করার পর নির্যাতন করে হত্যা করেছে। কিন্তু কর্তৃপক্ষের দাবি, হামজা বিক্ষোভের সময় গুলিতে নিহত হয়েছে। সিরিয়ার কর্মকর্তারা ঘটনাটি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে। রাড এ ঘটনাকে 'নৃসংশ কাজ' আখ্যা দিয়ে আসাদের বিরুদ্ধে তার নিজ দেশের জনগণের ওপর এ বর্বরোচিত কর্মকা- চালানোর অভিযোগ করেছেন। তিনি বলেন, "আমি মনে করি প্রেসিডেন্ট আসাদকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা ভাবার মোক্ষম সময় এখনই।" আসাদ ইতোমধ্যেই ১০ সপ্তাহ ধরে তার বিরুদ্ধে চলা আন্দোলনে জড়িতদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বলে খবর পাওয়া গেছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা মঙ্গলবার জানিয়েছে, "প্রেসিডেন্ট (বাশার) আসাদ ৩১ মে ২০১১ তারিখের আগে ঘটা সব রাজনৈতিক অপরাধের জন্য সাধারণ ক্ষমার একটি প্রজ্ঞাপন জারি করেছেন।" এমনকি দেশটিতে নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদার হুডসহ সব রাজনৈতিক আন্দোলনকর্মী ও রাজবন্দিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কিন্তু এ খবর পাওয়ার পরপরই ফ্রান্স বুধবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, আসাদের এ পদক্ষেপ যথেষ্ট নয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে বলেছেন, সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে শ শ মানুষের মৃত্যুর পর আসাদ এ ক্ষমা ঘোষণা করতে বড্ড দেরী করে ফেলেছেন। তিনি সিরিয়ায় বিক্ষোভ সামাল দিতে নীতিতে আমুল পরিবর্তনের আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/২১৩৩ ঘ.