সিউল, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোরীয় উপদ্বীপের উত্তেজনা কমাতে দক্ষিণ কোরিয়া প্রস্তাবিত ধারাবাহিক তিনটি শীর্ষবৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বুধবার এ খবর জানায়।
জাতীয় প্রতিরক্ষা কমিশনের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানায়, মে মাসে তিনটি গোপন শীর্ষ বৈঠক করার প্রস্তাব দেয় দক্ষিণ কোরিয়া। এর প্রথমটি সীমান্তবর্তী পানমুনজম গ্রামে, দ্বিতীয়টি উত্তরের রাজধানী পিয়ংইয়ং-এ এবং শেষে বৈঠকটি আগামী বছর দক্ষিণ কোরিয়ায় একটি আন্তর্জাতিক পরমাণু শীর্ষ সম্মেলন চলার অবসরে করার প্রস্তাব দেওয়া হয়।
কেসিএনএ জানায়, "আমরা এটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, যে পর্যন্ত তারা আমাদের সাথে শত্রুতাামূলক নীতি অনুসরণ করবে এবং আমাদের পরমাণু প্রকল্প বন্ধ করতে চাপ দেবে এবং উপরোক্ত দুটি ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা না করবে ততদিন পর্যন্ত দক্ষিণের সাথে আমাদের (উত্তর) কোন শীর্ষ বৈঠক হতে পারে না।"।
দ্বিপাক্ষিক আলোচনার পূর্বশর্ত হিসেবে দক্ষিণ কোরিয়া দাবি করে, গত বছর দুটি রক্তক্ষয়ী হামলার জন্য ক্ষমা চাইতে হবে উত্তরকে। ওই হামলায় ৫০ জন দক্ষিণ কোরীয় নিহত হয়।
একটি হামলার দায়িত্ব স্বীকার করে উত্তর কোরিয়া জানায়, হামলাটি চালাতে তাদের বাধ্য করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৮ ঘ.
bdnews24