ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ১০ সপ্তাহ ধরে তার বিরুদ্ধে চলা আন্দোলনে সম্পৃক্তদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা মঙ্গলবার জানিয়েছে, "প্রেসিডেন্ট (বাশার) আসাদ ৩১ মে ২০১১ তারিখের আগে ঘটা সব রাজনৈতিক অপরাধের জন্য সাধারণ ক্ষমার একটি প্রজ্ঞাপন জারি করেছেন।"
এমনকি দেশটিতে নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদার হুডসহ সব রাজনৈতিক আন্দোলনকর্মী ও রাজবন্দিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
১৯৮২ সালে মুসলিম ব্রাদারহুড বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা তৎকালীন সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করে। ওই আন্দোলন কঠোর হাতে দমন করেন হাফিজ।
সিরিয়ায় সে সময় সরকারি বাহিনীর হাতে তখন প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়।
ওই ঘটনার পর থেকেই সিরিয়ায় মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়। সিরিয়ায় এ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার শাস্তি মৃত্যুদ-।
২০০০ সালে প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ মারা যাওয়ার পর তার স্থালাভিষিক্ত হন বাশার আল আসাদ।
সিরিয়ায় বর্তমান আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজবন্দিদের মুক্তি। আইনজীবী ও মানবাধিকারকর্মী আনওয়ার আল বুন্নি সংবাদ সংস্থা আল জাজিরাকে বলেন, "আমাদের জনগণের মানবাধিকারের দাবিতে আন্দোলনকারী অনেকেই দীর্ঘদিন ধরে কারাবন্দি হয়ে আছেন। সুতরাং তাদের মুক্তি অন্যতম দাবি।"
বুন্নি নিজেও ৫ বছর কারাবন্দি ছিলেন। গত সপ্তায় তিনি কারাগার থেকে ছাড়া পান। তিনি বলেন, রাজবন্দিদের মুক্তি দেওয়ার ঘটনা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। কিন্তু সিরিয়ায় পরিবর্তনের জন্য আরো অনেক সংস্কার প্রয়োজন।
বুন্নি আরো বলেন, "আমাদের দল গঠন করা প্রয়োজন, আমাদের রাজনৈতিকভাবে কাজ করা প্রয়োজন, আমাদের আলোচনার প্রয়োজন, স্বাধীন সংবাদমাধ্যমের প্রয়োজন। সিরিয়ায় আমাদের নতুন অধ্যায় সৃষ্টির প্রয়োজন, আর তা হবে গণতান্ত্রিক সিরিয়া।"
এরআগে গত মার্চ থেকে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনী ব্যাপক দমনপীড়ন চালাতে থাকে।
আন্তর্জাতিক মহল বার বার সাধারণ জনগণের ওপর এ ধরনের অভিযান বন্ধের আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি বাশার আল আসাদের সরকার। উল্টো বিভিন্ন শহরে ট্যাংক নামিয়ে, সেনা পাঠিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয়।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার মুখে পড়েছে সিরিয়া। ব্যক্তিগত পর্যায়ে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তার ওপরও সম্পদ জব্দ করা সহ ভ্রমণের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সিরিয়া স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় কড়াকড়ি আরোপ করায় দেশটির প্রকৃত অবস্থা যাচাই করা বেশ কঠিন হয়ে পড়েছে।
মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে প্রায় আড়াইমাসব্যাপী চলা সরকারবিরোধী এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ১১শ'রও বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৪ ঘ.
bdnews24