২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস চিকিৎসার উপায় বের করতে বিনিয়োগের আহ্বান

এইডস রোগের চিকিৎসার উপায় বের করতে আরো বেশি সময় ও অর্থ বিনিয়োগ করা প্রয়োজন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির নতুন প্রধান বারট্রান্ড ওডওয়িন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 05:55 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইডস রোগের চিকিৎসার উপায় বের করতে আরো বেশি সময় ও অর্থ বিনিয়োগ করা প্রয়োজন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির নতুন প্রধান বারট্রান্ড ওডওয়িন। বুধবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে একথা জানা যায়। এইডস রোগ শনাক্তকরণের ত্রিশবছরপূর্তিকে সামনে রেখে এ কথা বললেন তিনি। ৫ জুন রোববার নতুন রোগ হিসেবে 'এইডস' চিহ্নিত হওয়ার ৩০ বছর পূর্ণ হবে। ৩০ বছর আগে ১৯৮১ সালের ৫ জুন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) পাঁচজন সমকামী মানুষের মধ্যে এ রোগের সন্ধান পায়। বছর খানেকের মধ্যে নতুন রোগটি 'এইডস' হিসেবে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে গবেষণায় আভাস পাওয়া যায়, আফ্রিকার এক প্রজাতির শিম্পাঞ্জি থেকে এই রোগ মানুষের শরীরে বাহিত হয়েছে। সেখান থেকে হাইতি এবং হাইতি থেকে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে এই রোগ। কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে মহামারী আকারে এইডস-এর ছড়িয়ে পড়া রোধ করতে চিকিৎসার মাধ্যমে এইডস আক্রান্তদের সুস্থ্য করে তোলার কোন বিকল্প নেই বলে মনে করেন ওডওয়িন। প্রয়োজনীয় বিনিয়োগ করা হলে চিকিৎসার উপায় বের করতে ২৫ বছরের মত সময় লেগে যেতে পারে বলে জানান তিনি। কিছু বিশেষজ্ঞ অবশ্য ওডওয়িনের সাথে একমত নন। তারা সতর্ক করে বলেছেন, এইডস এর চিকিৎসার আশা দুরাশায় পরিণত হতে পারে। সরাসরি চিকিৎসার চেয়ে এইডস এর ভ্যাকসিন উদ্ভাবনই বেশি ভাল হবে বলে মত দিচ্ছেন তারা। কিন্তু, বৈজ্ঞানিক এবং আর্থিক দিক থেকে দেখলে এইডস'র চিকিৎসা পদ্ধতি বের করতে আরো সময় ও অর্থ বরাদ্দের এটিই সঠিক সময় বলে দাবি করেছেন ওডওয়িন। "এই গবেষণায় ইতোমধ্যে কিছু মৌলিক অগ্রগতি হয়েছে। আমরা জানি, এইডসের ভাইরাস এইচআইভি আক্রান্ত কিছু মানুষের চিকিৎসার ফলাফল কি হয়েছিল। তারা এইচআইভি বাহক ছিল ঠিকই কিন্তু চিকিৎসার পর এটি তাদের শরীরে এমন অবস্থায় ছিল যা অন্য মানুষকে আক্রান্ত করতে পারত না।" "তাই আমরা ভাবছি, আরো গবেষণায় আমরা হয়তো এইডস এর চিকিৎসার কার্যকর কোন উপায় বের করতে সক্ষম হব, যা আক্রান্তের শরীরের ভেতর ভাইরাসটিকে নিষ্ক্রিয় করে রাখবে। এতে আক্রান্তরা অসুস্থ বোধ করবে না আর তাদের চিকিৎসারও দরকার হবে না। এটাই আমাদের লক্ষ্য", বলেন ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির আশাবাদী নতুন প্রধান বারট্রান্ড ওডওয়িন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৫০ ঘ.