২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি লিবিয়া ছেড়ে যাবেন না: জুমা

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি অনেক সঙ্কটের মুখেও লিবিয়া ছেড়ে যাবেন না। আলোচনার পট প্রস্তুতের জন্য তিনি ন্যাটো হামলার অবসান চান। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ত্রিপোলি, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি অনেক সঙ্কটের মুখেও লিবিয়া ছেড়ে যাবেন না। আলোচনার পট প্রস্তুতের জন্য তিনি ন্যাটো হামলার অবসান চান। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা মঙ্গলবার একথা বলেছেন। গাদ্দাফির সঙ্গে বৈঠকের পর জুমার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, "লিবিয়ায় সংলাপের পথ করে দিতে গাদ্দাফি ন্যাটোর বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।" এতে আরো বলা হয়, "অনেক কঠিন পরিস্থিতির মুখেও গাদ্দাফি দেশ ছেড়ে না যাওয়ার ওপরই জোর দিয়েছেন। দেশ ছাড়ার জন্য তিনি প্রস্তুত নন।" কিন্তু লিবিয়ায় গাদ্দাফি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইতোমধ্যেই চরম খাবার ও ওষুধ সঙ্কট দেখা দেওয়ায় তিনি কতক্ষণ এ অবস্থান ধরে রাখতে পারবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। লিবিয়ায় নতুন করে সেনাকর্মকর্তাদের স্বপক্ষ ত্যাগের হিড়িকের চাপের মুখে সোমবার জুমার সঙ্গে বৈঠকে গাদ্দাফি নতুন করে অস্ত্রবিরতির আহ্বান জানান। তবে পশ্চিমা বিশ্ব ও লিবীয় বিদ্রোহীদের দাবি মেনে পদত্যাগ করার কোনো লক্ষণ দেখাননি তিনি। শান্তি মিশনে ত্রিপোলি সফরের পর জুমা বলেন, গাদ্দাফি অস্ত্রবিরতিসহ ন্যাটো বোমা হামলার অবসান চান। কিন্তু গাদ্দাফির অস্ত্রবিরতির আহ্বান তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে বেনগাজির বিদ্রোহীরা। লিবিয়ার বিদ্রোহীরা এর আগেও অস্ত্রবিরতির একই ধরনের আহ্বান প্রত্যাখ্যান করেছে। জুমা গত মাসে আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে লিবিয়ায় শান্তি মিশনে যাওয়ার পরও অস্ত্রবিরতির আহ্বান জানানো হয়েছিলো। এবারও জুমার মধ্যস্থতা গাদ্দাফির পদত্যাগ নয় কেবলমাত্র অস্ত্রবিরতি করতে তার রাজি থাকার মধ্য দিয়ে শেষ হলো। গাদ্দাফির সঙ্গে বৈঠক সম্পর্কে জুমা বলেন, "আমরা লিবিয়ার জনগণকে তাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করার সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি।" জুমার লিবিয়া ত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে ন্যাটোর বিমান হামলা শুরুর খবর প্রচার করেছে লিবিয়ার টেলিভিশন। তবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি। ন্যাটো হামলার কারণে লিবিয়া সঙ্কটে আফ্রিকার মধ্যস্থতার চেষ্টা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন জুমা। তাছাড়া, ন্যাটো হামলাকে গাদ্দাফির ব্যক্তিগত নিরাপত্তার জন্যও উদ্বেগজনক বলে জানানো হয়েছে জুমার কার্যালয়ের বিবৃতিতে। ওদিকে, আফ্রিকান ইউনিয়ন গাদ্দাফিকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছে না- এ অভিযোগে তাদের মধ্যস্থতার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ন্যাটো ও লিবিয়ার বিদ্রোহীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১০ ঘ.