২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় শান্তি মিশনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে শান্তি চুক্তির চেষ্টায় সোমবার ত্রিপোলি সফরে গেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ত্রিপোলি, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে শান্তি চুক্তির চেষ্টায় সোমবার ত্রিপোলি সফরে গেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। 'গাদ্দাফির সন্ত্রাসের রাজত্ব শেষ হয়ে আসছে'--ন্যাটোর মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন একথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই জুমা এ শান্তি মিশনে গেলেন। জুমার এ উদ্যোগকে লিবিয়া যুদ্ধের কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়ার সর্বশেষ চেষ্টা হিসাবে দেখছেন অনেকেই। গত এপ্রিলের পর এ নিয়ে দ্বিতীয়বার লিবিয়ায় গেলেন জুমা। তার এবারের শান্তি মিশনে কর্নেল গাদ্দাফির ক্ষমতা থেকে বিদায়ের পথ খোঁজার বিষয়টি প্রধান্য পাবে কিনা তা এখনো স্পষ্ট জানা যায়নি। গাদ্দাফির এক উপদেষ্টা ইতোমধ্যেই বিবিসি কে জানিয়েছেন, বিদ্রোহীদের দাবি মেনে তার (গাদ্দাফি) পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই। ত্রিপোলি সোমবার জুমাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। ত্রিপোলি বিমানবন্দরে বাদকদল আর লিবিয়ার পতাকাবাহী শিশুদের গাদ্দাফিপন্থি স্লোগানের মধ্য দিয়ে জুমাকে অভ্যর্থনা জানানো হয়। তবে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন না গাদ্দাফি। ১১ মে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বশেষ গাদ্দাফিকে দেখা যায়। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। জুমার কার্যালয় জানিয়েছে, তার সফরের মূল উদ্দেশ্য হচ্ছে অবিলম্বে অস্ত্রবিরতি, মানবিক ত্রাণ সাহায্য সরবরাহ এবং সঙ্কট নিরসনে প্রয়োজনীয় সংস্কারকাজ বাস্তবায়নের প্রস্তাব নিয়ে গাদ্দাফির সঙ্গে আলোচনা করা। জুমার ক্ষমতাসীন 'আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস' (এএনসি) এর আগে রোববার লিবিয়ায় ন্যাটো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে। নির্বাহী পরিষদের দু'দিনের বৈঠক শেষে এএনসি বলেছে, "আমরা এ মহাদেশ এবং বিশ্বের সব শান্তিকামী মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে লিবিয়ায় অবিরাম পশ্চিমা বোমা হামলার নিন্দা জানাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫১ ঘ.